দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হাথরসে দলিত তরুণীর গণধর্ষণ ও মৃত্যুর ঘটনায় যখন উত্তাল দেশ, তখন ফের একবার ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠল যোগী আদিত্যনাথের রাজ্যে। এবার ভাদোহীতে এক দলিত নাবালিকার রক্তাক্ত দেহ উদ্ধার হল। ইঁট দিয়ে মাথা থেঁতলে তাকে খুন করা হয়েছে বলে জানা গিয়েছে। পরিবারের দাবি, ধর্ষণ করার পরে খুন করা হয়েছে নাবালিকাকে।
নাবালিকার পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার শৌচের কাজে ক্ষেতে গিয়েছিল সে। অনেকক্ষণ বাড়ি না ফেরায় তাঁরা খোঁজ শুরু করেন। তখনই ক্ষেত্রে মধ্যে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ধর্ষণের পরে মুখ বন্ধ করার জন্যই নাবালিকাকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। কারা এই ঘটনার পিছনে রয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

























