দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে পার্টির আয়োজন। আর সেই পার্টিতে গিয়েই খুন হলেন বছর ১৯ এর এক তরুণী। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের খার এলাকায়।
জানা গেছে, খারের ভগবতী হাইটস নামক এক বহুতলের ছাদে পার্টি চলছিল। মৃত তরুণী জাহ্নবী কুকরেজা এক যুগলকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। এরপর বচসা শুরু হলে ওই যুগল ব্যাপক মারধর করে জাহ্নবীকে। তাঁর চুল ধরে টানতে টানতে তিনতলা পর্যন্ত নামিয়ে আনা হয় বলে জানা গেছে। অভিযুক্তদের নাম শ্রী যোগধাঙ্কর (২২) এবং দিয়া পড়নকর (১৯)।
প্রাথমিক তদন্তে ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু ভেবেছিল খার থানার পুলিশ। কিন্তু তদন্ত এগোতেই বোঝা যায়, এই ঘটনা সরাসরি খুনের। জাহ্নবীকে চুল ধরে টানা হয়েছে তা মেডিক্যাল রিপোর্টে বোঝা গেছে। সেই সঙ্গে সিঁড়িতে রক্তের দাগ পেয়েছে পুলিশ। মৃতার দেহ নিয়ে যাওয়া হয়েছে ভাবা হাসপাতালে। ভারতীয় দণ্ডবিধির ৩০৪ এবং ৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে অভিযুক্ত যুগলের বিরুদ্ধে। ঘটনাস্থলে উপস্থিত অন্যান্যদেরও জিজ্ঞাসাবাদ চলছে।

























