দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মোদী সরকার এখনও পর্যন্ত একগাদা প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু তার বেশিরভাগই পালনে ব্যর্থ হয়েছে। ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেয় কেন্দ্রের বিজেপি সরকার, কিন্তু কাজের কাজ কিছুই হয়না। এবার ২০২২ সালের ১৫ অগাস্টের মধ্যে দেশের সকল নাগরিককে ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এদিন অহমদাবাদের শিলাজে এক অনুষ্ঠানে যোগ দিয়ে শাহ বলেন, ২০২২ সালের ১৫ অগাস্টের মধ্যে দেশের সকল নাগরিককে মোদী সরকার বাড়ি দেবে। এ ব্যাপারে তাঁর পূর্ণ আস্থা রয়েছে বলে জানান মোদী সরকারের সেনাপতি। অন্যদিকে, কেন্দ্রের ‘বিতর্কিত’ তিন কৃষি আইনের প্রতিবাদে যে সুরে আন্দোলনে নেমেছেন কৃষকরা, তাতে এই পরিস্থিতিতে সরকারের উন্নয়নী বার্তা তুলে ধরে শাহ খানিকটা ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করলেন বলেই মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ।
এই প্রসঙ্গে অমিত বলেন, ‘যেভাবে গ্রামীণ ও শহুরে এলাকায় বাড়ি তৈরির প্রকল্পের কাজ করছে সরকার, তাতে আমার পূর্ণ আস্থা রয়েছে যে, ২০২২ সালের ১৫ অগাস্টের মধ্যে সকল দেশবাসী নিজেদের বাড়িতে বসবাস করার সুবিধা পাবেন’।

























