Tuesday, March 3, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

পাকা বাড়ির জন্য বিধায়কের পা ধরলেন দিনমজুর! ‛সিন ক্রিয়েট’ করার দরকার নেই, বার্তা বিধায়কের

সিউড়ি, ০১ সেপ্টেম্বর: পাকা বাড়ি পেতে স্থানীয় বিধায়ককে কাছে পেয়ে তাঁর পায়ে ধরে আবেদন করলেন বীরভূমের সিউড়ির এক দিনমজুর। সেখানকার বিধায়ক বিকাশ রায়চৌধুরী ওই ব্যক্তিকে পাকা বাড়ি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। সিউড়ি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে ‘দুয়ারে সরকার’ শিবির চলছিল। সেই শিবির পরিদর্শনে গিয়েছিলেন বিকাশ।

সদলবলে ওই শিবিরে যাওয়ার পথে বিকাশকে সামনে পেয়ে তাঁর পা জড়িয়ে ধরেন হরি মণ্ডল নামে এক ব্যক্তি। বিধায়কের পা ধরে তিনি বলতে থাকেন, ‘‘অনেক আবেদন করেও ঘর পাইনি। আজকে বললাম। আমাকে পাকা ঘর করে দিন।’’ জবাবে বিধায়ককে বলতে শোনা যায়, ‘‘ঘর হবে। কারও কোনও অসুবিধা হলে আমাকে বলবেন।’’ বিকাশের আশ্বাসে সন্তুষ্ট হন ওই ব্যক্তি।

এই ঘটনার পর বিকাশ বলছেন, ‘‘পরিদর্শনের সময় এক জন হঠাৎ আমার পা জড়িয়ে ধরেন। তিনি বলেন, আমি বাড়ি পাইনি। আমি তাঁকে আশ্বস্ত করি। কিন্তু এটা বলার পরেও তাঁর কথাবার্তা শুনে আমার যা মনে হচ্ছে, বাড়ি তাঁর আসল উদ্দেশ্য নয়। তাঁর লক্ষ্য ছিল, সিন ক্রিয়েট করা। আমি যা বুঝেছি, কোনও দলের হয়ে তাঁর প্ররোচনামূলক কথা বলাই উদ্দেশ্য ছিল। সত্যিই যদি তাঁর বাড়ির প্রয়োজন হয়, তা হলে তা তিনি নিশ্চয়ই পাবেন। এ জন্য সিন ক্রিয়েট করতে হবে না।’’

হরি সিউড়ি পুরসভা এলাকারই বাসিন্দা। পেশায় তিনি দিনমজুর। তাঁর অভিযোগ, ‘‘আমরা ত্রিপল টাঙিয়ে ঝুপড়িতে থাকি। অনেকের তিন-চার তলা বাড়ি আছে, তারা পাচ্ছে। আমি কেন পাব না?’’ তিনি আরও বলেন, ‘‘আমি অভিযোগ করিনি। দাদার পায়ে ধরে নিজের কথা বলেছি। বলার সুযোগ পাচ্ছিলাম না বলেই পায়ে ধরলাম।’’

 

Leave a Reply

error: Content is protected !!