কাবুল, ৩০ আগস্ট: আগের তালিবানি শাসনে বিপদে পড়েছিলেন আফগানিস্তানের বহু পুরুষ। ‘ইসলামবিরোধী’ পশ্চিমী ধাঁচে চুল কাটার ‘অপরাধে’ গ্রেফতারি থেকে জেল— সবরকম শাস্তিই সহ্য করতে হয়েছিল দেশের বহু নাপিতকে। সেটা ছিল কুড়ি বছর আগেকার কথা। তবে আফগানিস্তানে ফের সেই যুগ ফিরে আসতে পারে। এমনই ভাবছেন সে দেশের অনেক নাপিত।
হলিউডি নায়ক বা পশ্চিমী রকস্টারদের চুলের কায়দা অনুকরণ করতে গিয়ে কুড়ি বছর আগে তালিবানি শাসকদের শাস্তির মুখে পড়েছিলেন আফগানিস্তানের বহু যুবকই। ২০০১ সালে তাঁদের অনেকের মাথা মুড়িয়ে দেওয়া হয়েছিল। ওই আফগান যুবকেরা ১৯৯৭ সালের হলিউডি ফিল্ম ‘টাইটানিক’-এর নায়কের চরিত্রে অভিনয় করা লিওনার্দো ডিক্যাপ্রিও-র চুলের স্টাইলের অনুকরণ করতে চেয়েছিলেন তাঁরা। তাতেই তালিবানি শাস্তির কোপে পড়েছিলেন আফগানিস্তানের বহু যুবক।
সংবাদ সংস্থা রয়টার্সের কাছে এক সাক্ষাৎকারে মহম্মদ আমিন নুরি নামে কাবুলের এক নাপিত সেই আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, “আগের বার তালিবানি শাসনে আমাদের কাজকর্মকে ইসলামবিরোধী বলা হয়েছিল। ওরা (তালিবান) বলেছে যে, পুরুষদের মেকআপ বা ট্যাটু করা যাবে না। ফলে আমাদের খদ্দের কমে গিয়েছে।”























