দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দেশজুড়ে করোনা মোকাবিলায় চলছে ২১ দিনের লকডাউন। এহেন অবস্থায় নতুন ঘোষণা করল অন্ধ্রপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন্মোহন রেড্ডি ঘোষণা করেছেন, এই পরিস্থিতিতে কাউকে রেশন দোকানে এসে রেশন নিতে হবে না। কারণ অন্ধ্রে প্রতিটি রেশন দোকানে বায়োমেট্রিকের মাধ্যমে রেশন তুলতে হয়। এই পরিস্থিতিতে সেটা করা যাবে না। তাই এই সিদ্ধান্ত।
সেইসঙ্গে এই পরিস্থিতিতে প্রত্যেক রেশন কার্ড থাকা পরিবারকে ভাতাও দেবে সরকার। অন্ধ্রপ্রদেশের মন্ত্রিসভার সদস্য কোদালি শ্রীভেঙ্কটেশ্বর রাও সাংবাদিকদের একথা জানিয়েছেন। মন্ত্রী আরও বলেন, ২৯ মার্চ সবার বাড়িতে গিয়ে তাঁর বরাদ্দ রেশন পৌঁছে দেবেন ভলান্টিয়াররা। চালের সঙ্গে আলাদা করে ১ কেজি করে ডালও দেওয়া হবে সবাইকে। ২৯ তারিখই এপ্রিল মাসের বরাদ্দ রেশন পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।



















