দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নিজের নামে দু’টি আলাদা বিভাগের রেশন কার্ড বানিয়ে দোকান থেকে সামগ্রী তোলার অভিযোগে স্বপন সরকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল বুদবুদ থানার পুলিশ। বৃহস্পতিবার তাকে দুর্গাপুর আদালতে হাজির করা হলে আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
বিজেপি নেতা স্বপন সরকার এভাবে ভুয়ো রেশন কার্ড তৈরিতে অভিযুক্ত হওয়ায় এখন রীতিমত রাজনৈতিক মহলে তৈরি হয়েছে শোরগোল। ইতিমধ্যেই শাসকদলের পক্ষ থেকে এই বিষয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করা হচ্ছে।
জানা গেছে, স্বপন সরকার নামে এই ব্যক্তি গত পঞ্চায়েত নির্বাচনে বুদবুদ পঞ্চায়েতের সুকান্তনগরে বিজেপির প্রার্থী ছিলেন। পূর্ব বর্ধমান জেলা খাদ্য নিয়ামক আবিরকুমার বালি বলেন, ‘‘আমরা পুরো ঘটনার তদন্ত শুরু করেছি। কী ভাবে একই ব্যক্তির নামে দু’টি কার্ড হয়েছে তা-ও খতিয়ে দেখা হচ্ছে।’’




















