দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: প্রায় দু’মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে কৃষকরা। মোদী সরকারের কৃষক বিরোধী তিন কৃষি আইন বাতিলের দাবিতে অনড় কৃষকরা। এদিকে আইন বাতিল না করার জন্য অনড় কেন্দ্র। ফলে এখনও কোনো সমাধান মিলেনি। কৃষক আন্দোলন দমাতে একাধিকবার কুৎসা রটানোর প্রচেষ্টা চালানো হচ্ছে। কখনও ‘খলিস্তানি’, কখনও ‘সন্ত্রাসবাদী–মাওবাদী’ তকমা দিয়ে কৃষক আন্দোলনকে নানাভাবে দমানোর চেষ্টা হয়েছে। এমনকী পঞ্জাব, হরিয়ানার কৃষকদের গাড়ির ছবি তুলে ধরে কুৎসা রটানোর চেষ্টা হয়েছে। বোঝাতে চাওয়া হয়েছে, ‘এই চাষিরা মোটেই গরিব নয়, ফলত এঁদের আন্দোলের কোনও যৌক্তিকতা নেই!’ সেরকমই একটি ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্কও শুরু হয়েছিল সম্প্রতি। ছবিতে দেখা গেছে, সিঙ্ঘু সীমানায় কৃষকদের বিক্ষোভস্থানে মার্সিডিস বেঞ্জের মতো দেখতে একটি গাড়ির মাথায় চড়ে খবরের কাগজ পড়ছেন এক শিখ ব্যক্তি। ভাইরাল ছবিটি দেখে নেটাগরিকদের একাংশ বলতে শুরু করেছিলেন, ‘‘দেশের ‘গরিব’ চাষিরা মার্সিডিস বেঞ্জ চড়ছেন! এত টাকা এল কী করে?’’ গাড়ির যে ছবিটি ভাইরাল হয়েছিল, তাতে মার্সিডিজ কোম্পানির ‘লোগো’–ও ছিল। ওই গাড়ির দাম দেড় কোটি টাকা, সেটাও খুঁজে বের করেছেন তাঁরা। সেই ছবির রহস্য উদ্ঘাটন করল ভুয়ো খবর যাচাইকারী সংস্থা ‘অল্ট নিউজ’।
ছবিটি শেয়ার করা হয়েছিল নিশান্ত ইন্ডিয়া–র টুইটার হ্যাণ্ডেল থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেও সেই অ্যাকাউন্টটি ‘ফলো’ করেন। টুইট করেছিলেন রাজা রামমোহন রায় লাইব্রেরী ফাউন্ডেশনের চেয়ারম্যান কাঞ্চন গুপ্ত, লেখক কার্তিকেয়া তান্নাও। ‘আই সাপোর্ট নরেন্দ্র মোদি’ নামে একটি ফেসবুক পেজ থেকেও পোস্ট করা হয়েছিল ছবিটি। ওই পেজের ফলোয়ার্স সংখ্যা প্রায় দেড় কোটি। বিপুল সংখ্যক মানুষ তা দেখে ফেলার পরই সেটি সরিয়ে ফেলা হয় পেজ থেকে।
देश के गरीब किसान की सस्ती जीप pic.twitter.com/EXiKSVlAWb
— Nishant (@nishant_india) December 23, 2020
If only my father did not have to pay Income Tax all his life on what he earned from his salaried job. If only journalism was a tax-free trade and I did not have to pay Income Tax. If only @nandinizg did not have to part with massive sums of money as Income Tax in her tech job… pic.twitter.com/4JgsjoBDOz
— Kanchan Gupta (@KanchanGupta) December 23, 2020
কমেন্টে একজন লিখেছিলেন, ‘দেশের গরিব চাষির সস্তা জিপ।’ ঠিক সেই সময়েই এক টুইটার ব্যবহারকারী টুইট করে জানালেন, গাড়ির মালিক হচ্ছেন মনপ্রীত সিং। তিনিই ছবিটি প্রথম টুইটারে শেয়ার করেছিলেন। সেই সূত্র ধরেই ‘অল্ট নিউজ’ খুঁজে বের করে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর– ‘পিবি১২জেড৮২৮২’। পরে কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রকের ওয়েবসাইট ঘেঁটে সব তথ্য জানা যায়। দেখা যায়, গাড়িটি মার্সিডিজ কোম্পানিরই নয়। ওটা ফোর্স মোটর কোম্পানির এসইউভি গুর্খা। যার দাম লাখ দশেক। তারপর সংবাদমাধ্যমের রিপোর্টে দেখা যায়, গাড়িটির নকশা তৈরি করেছে কেরলের কোম্পানি ‘কালার গ্লো’। তারাই এই গাড়িটিকে মার্সিডিজ জি ওয়াগানের রূপ দিয়েছে।



গাড়ির মালিক মনপ্রীত ‘অল্ট নিউজ’–কে জানিয়েছেন, ‘আমি নিজে ব্যবসা করি। কিন্তু বাড়ির সবাই কৃষক। গত ৫ ডিসেম্বর থেকেই সিঙ্ঘু সীমানায় যাতায়াত রয়েছে। সব জায়গা থেকেই লোক আসছেন এখানে। আমার গাড়ি নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। আসলে এটা মার্সিডিসের মতো দেখতে। কিছুই লুকোচ্ছি না। আমি সময়মতো কর দিয়ে থাকি। খারাপ লাগছে, আমার গাড়ির ছবি ব্যবহার করে ওরা কৃষকদের অপমান করছে। তবে এতে আমার কিছু আসে যায় না। আমি কৃষকদের পাশে দাঁড়াবোই।’


























