Thursday, February 12, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

আবাস যোজনায় সীমাহীন দুর্নীতি, তালিকায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের পরিবারের ১৮ জনের নাম

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা প্রকাশ হতেই স্বজনপোষণের অভিযোগ। মুর্শিদাবাদ জেলার নওদা ব্লকের রায়পুর গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রাপকদের তালিকায় দেখা গেল পঞ্চায়েত প্রধানের পরিবারের ১৮ জনের নাম। গ্রামবাসীদের অভিযোগ, পাকা ঘর থাকা সত্ত্বেও পঞ্চায়েত প্রধান তাঁর পরিবারের ১৮ জনের নাম আবাস যোজনার তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। এই দুর্নীতির ফলে যাদের প্রকৃতই ঘর নেই সেইসব গরীব মানুষরা আবাস যোজনার ঘর পাচ্ছেন না। এমনকী অনেকেই অভিযোগ করেছেন, পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত সদস্যদের ঘনিষ্ঠরা ধনী হলেও আবাস যোজনায় ঘরের টাকা পেয়ে যাচ্ছেন।

সূত্রের খবর, নিজের প্রভাব খাটিয়ে তৃণমূলের ওই পঞ্চায়েত প্রধান নিজের বাবা, শ্বশুর, ভাসুর, নাতি, ভাসুরের ছেলে, শ্বাশুড়ি-সহ পরিবারের অনেকেরই নাম অন্তর্ভুক্ত করে দিয়েছেন।

প্রশাসনিক উচ্চস্তরে এই অভিযোগ পৌঁছতেই এ বিষয়ে সরব হলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি আবু তাহের খান। শনিবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আবাস যোজনার স্বজনপোষণের অভিযোগ আমাদের কাছে এসেছে। আমরা এই নিয়ে গতকালই জেলাশাসকের সঙ্গে আলোচনায় বসেছিলাম। আমাদের কাছে এ বিষয়ে যে সমস্ত অভিযোগ এসেছে তার তদন্ত শুরু করা হয়েছে। এছাড়াও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সমস্ত গরীব মানুষ এখনও পর্যন্ত আবাস যোজনার টাকা পায়নি বা যাদের মাথার ওপর এখনও পাকা ছাদ নেই তাদের অবশ্যই পাকা বাড়ির ব্যবস্থা করে দেওয়া হবে।’

তিনি বলেন, ‘আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগেই বলেছিলেন, আগামী দু-তিন বছরের মধ্যে প্রত্যেকের ছাদওয়ালা বাড়ি, পানীয় জল এবং প্রত্যেকের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া হবে । এগুলো শুধুমাত্র নির্বাচনী ইস্তেহারে ছিল না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই অঙ্গীকারকে বাস্তবায়িত করার লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি।’

আবু তাহের খান জানান, ‘আমরা প্রত্যেক পঞ্চায়েত প্রধানকে নির্দেশ দিয়েছি এলাকার গরিব মানুষদের চিহ্নিত করতে। কারা এখনও পর্যন্ত আবাস যোজনার ঘর পায়নি, তাদের খুঁজে বের করে বিডিও সাহেবকে জানাতে বলা হয়েছে।’

এদিন তিনি বলেন, ‘আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে দলের কোনও নেতা কর্মী বা কোনও সরকারি কর্মচারী টাকা চায় তাহলে তা অবিলম্বে প্রশাসনকে জানান।’ তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন, ‘প্রয়োজনে গ্রামবাসীরা তাদের অভিযোগ তৃণমূল কার্যালয়ে অভিযোগ বাক্সে জমা করতে পারেন। আমরা তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করব।’

Leave a Reply

error: Content is protected !!