দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ধর্মীয় বিভেদ সৃষ্টির অভিযোগে বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে এফআইআর–এর নির্দেশ দিল মুম্বই আদালত। শনিবার আদালত থেকে এফআইআর–এর নির্দেশ জারি হয়েছে।
আবেদনকারী সাহিল আশরফালি সইয়দ বলিউডের একজন কাস্টিং ডিরেক্টর। রাম গোপাল ভার্মা, নাগার্জুনা এবং সঞ্জয় গুপ্তার মতো পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। তাঁর আবেদনপত্রে জানিয়েছেন, ‘কঙ্গনা রানাউত খুব ভাল করেই জানেন যে তাঁর একটি জনপ্রিয়তা আছে। এবং তাঁর একেকটি টুইট কঠয়েক লক্ষ মানু্ষের কাছে পৌঁছায়। তাও তিনি এমন কিছু টুইট করেন, যা সাধারণ মানুষের মনে বিভেদ সৃষ্টি করছে। সাক্ষাৎকার ও টুইটারের মাধ্যমে ক্রমাগত দু’টি সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ তৈরি করেন।’
এছাড়াও তিনি উল্লেখ করেছেন, কীভাবে বিএমসি–কে ‘বাবর সেনা’ বলে সাম্প্রদায়িক মন্তব্য করেছিলেন তিনি। হিন্দু শিল্পী ও মুসলিম শিল্পীদের সম্পর্কে ভিন্ন বক্তব্য দেন। আবেদনের শুনানিতে মুম্বই আদালত মুম্বই পুলিশকে এবিষয়ে পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছে। জানিয়েছে, ‘অভিনেতা এবং তাঁর বোন রঙ্গোলি চান্দেলের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি কোডের (সিআরপিসি) আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও তদন্ত শুরু করা হোক।
























