দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: করোনা আবহে কলকাতার এক কোভিড হাসপাতাল থেকে চিকিৎসাধীন থাকা অবস্থায় নিখোঁজ এক করোনা রোগী। ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলেছে ওই রোগীর পরিবার। যদিও হাসপাতাল কতৃপক্ষ রোগীর জন্য থানায় নিখোঁজ ডায়রি করেছেন।
জানা গেছে, নিউটাউনের চিত্তরঞ্জন নাশন্যাল ইনসটিটিউট ও ক্যান্সার হাসপাতাল ১৭ মে ভর্তি হন ফিরোজ আলি মোল্লা নামের ৭০ বছরের এক বৃদ্ধ। বসিরহাটের বদরতলা হাসপাতাল থেকে তাকে ট্রান্সফার করা হয়েছিল বলে জানা গেছে পরিবার সূত্রে। রোগীর পরিবারের অভিযোগ, নিখোঁজ হওয়ার দেড় দিন পর পরিবারকে জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ। তারা হাসপাতালের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলে জানান, এতো দুর্বল রোগী কিভাবে হাসপাতাল থেকে নিখোঁজ হতে পারে? এই নিয়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রোগীর পরিবার সঠিক তদন্তের দাবি জানিয়েছে।


























