Thursday, February 12, 2026
Latest Newsদেশফিচার নিউজ

হাইওয়ে অবরোধ করবেন না, আলোচনায় বসুন, চাপে পড়ে কৃষকদেরকে আবেদন অমিতের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মোদী সরকারের বিতর্কিত নয়া কৃষি বিলের বিরুদ্ধে তীব্র আন্দোলনে নেমেছে দেশের কৃষকরা। রাজধানী দিল্লি অবরোধ করে চলছে কৃষকদের আন্দোলন। হাজার চেষ্টা করেও কৃষকদের আটকাতে পারেনি অমিত শাহর দিল্লি পুলিশ। শেষমেশ তীব্র চাপে পড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কৃষকদেরকে হাইওয়ে অবরোধ না করে আলোচনায় বসার জন্য আবেদন জানালেন। তিনি কৃষকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে ৩ ডিসেম্বর আলোচনায় বসার ডাক দিয়েছেন। কৃষকদের সমস্ত কথা সরকার শুনতে প্রস্তুত বলেও আশ্বস্ত করেছেন তিনি।

কৃষকদের আন্দোলন নিয়ে চড়তে থাকা পারদ আয়ত্তে আনতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘কৃষকরা চাইলে সরকার ৩ ডিসেম্বর আলোচনায় বসতে রাজি। আন্দোলনের জন্য কৃষকদের যে নির্দিষ্ট জায়গায় যেতে বলা হয়েছে, তারা সেখানে পৌঁছলে পরের দিনই আলোচনায় বসবে কেন্দ্র।’

কৃষকদের দাবি, কেন্দ্রীয় সরকারের পাশ করা তিনটি বিল তাদের স্বার্থবিরোধী। নূন্যতম সহায়ক মূল্য নির্ধারণ না করা আখেরে তাদের বড় কর্পোরেট সংস্থাগুলোর মুখাপেক্ষী হয়ে পড়তে বাধ্য করবে বলেও অভিযোগ কৃষকদের।

উল্লেখ্য, পঞ্জাব, হরিয়ানা সহ দেশের একাধির রাজ্যের হাজারো কৃষকরা কেন্দ্রের নয়া কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ করে দিল্লি চলো অভিযান চালাচ্ছেন। শনিবার তৃতীয় দিনে পা রেখেছে তাদের কর্মসূচি। আপাতত সিঙঘু ও তিকরি সীমান্তে তারা।

 

Leave a Reply

error: Content is protected !!