Wednesday, March 4, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

ধর্মের ফাঁদে পড়বেন না, যাকে ইচ্ছা ভোট দিন: দেব

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক:
‘আজকের রাজনীতি সত্যি বলছি একদম আলাদা। হিন্দু নেতারা হিন্দুদের গিয়ে বলছেন আপনারা এই দেশে, এই রাজ্যে সুরক্ষিত নেই, আপনারা আমাদেরকে ভোটটা দিন, আমরা আপনাদের সুরক্ষিত রাখব। অন্যদিকে মুসলিম নেতারা মুসলিমদের গিয়ে বোঝান তারা নাকি আমাদের দেশে, আমাদের রাজ্যে সুরক্ষিত নেই, আমাদের ভোট দিন, আমরা আপনাদের সুরক্ষিত রাখব। আমি রাজনীতি সত্যি বুঝিনা। তবে সুরক্ষিত কারা? আসলে সুরক্ষিত সেই নেতারা যারা ভোটের সময় এই ভুল পাঠগুলো হিন্দুদের পড়ায়, ভুল পাঠগুলো মুসলিমদের পড়ায় তারাই সবথেকে সুরক্ষিত’।

এখানেই থেমে থাকেননি দেব। এর সঙ্গেই তাঁর সংযোজন, ‘ ধর্মের হাতটাকে সুরক্ষিত করবেননা। এই ধর্মের ফাঁদে পড়বেননা। বছরের পর বছর এই ফাঁদে আমাদের পড়ানো হচ্ছে। দয়া করে আপনাদের হাত জোড় করে বলছি আপনারা যাকে ইচ্ছা ভোট দিন। কিন্ত এই ফাঁদে পড়বেননা যে আপনারা সুরক্ষিত নেই বলে ভোট দেবেন’।

সোমবার নিউটাউনের প্রমোদনগর স্কুল মাঠে  রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়ের সমর্থনে প্রচারসভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দীপক অধিকারী(দেব)। অভিনেতা তথা সাংসদকে দেখতে এদিন ভিড় উপচে পড়ে। সকলকে মাস্ক পরার জন্য অনুরোধ করেন অভিনেতা সাংসদ দেব। তবে মঞ্চে অনেককেই দেখা যায় যারা মাস্ক পরেননি।

প্রসঙ্গত গত ৯ এপ্রিল এই মাঠেই সভা করেছিলেন মিঠুন চক্রবর্তী। রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী  ভাস্কর রায়ের সমর্থনে প্রচারে এসেছিলেন তিনি। সোমবার সেই মাঠেই প্রচারে ঝড় তুললেন অভিনেতা সাংসদ দেব।

Leave a Reply

error: Content is protected !!