Thursday, February 12, 2026
Latest Newsদেশফিচার নিউজ

দেশবাসীর প্রতি চিঠি! জেল থেকে কি বার্তা দিলেন ডাঃ কাফিল খান? পড়ুন

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আমি জানি না কেন আমাকে শাস্তি পেতে হচ্ছে৷ আমি জানি না কখন আমার স্ত্রী, মা, ভাই, বোন সন্তানদের দেখতে পাব৷ খোলা চিঠিতে এভাবেই আক্ষেপ করলেন জেলে থাকা ডাঃ কাফিল খান৷ সিএএ বিরোধী অবস্থান নেওয়ার জন্য জাতীয় নিরাপত্তা আইনে তাঁকে বন্দি করা হয়েছে৷ জেল থেকেই তিনি মর্মস্পর্শী খোলা চিঠি লিখে নিজের মনোভাব ব্যক্ত করেছেন৷ জেলের ভেতরের অবস্থাকে জাহান্নামের সঙ্গে তুলনা করেছেন তিনি৷

জেলের ভেতরের অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি লিখেছেন, সেখানকার অবস্থা খুবই খারাপ, অস্বাস্থ্যকর, দমবন্ধ হয়ে যায়৷ যে জেলে ৫০০ জন থাকা যায়, সেখানে রাখা হয়েছে ১৬০০ জনকে৷ ফলে আরও অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে৷ একটি টয়লেট ব্যবহার করছে ১২৫-১৫০ জন৷ প্রস্রাব ও ঘামের দুর্গন্ধ এবং বিদ্যুৎ না থাকলে গরমের ফলে অসহ্য হয়ে উঠেছে জীবন৷ এক জীবন্ত জাহান্নাম৷ কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর টয়লেটে ঢোকার পর আসে ঝাঁক ঝাঁক মশা, মাছি৷ এই পরিস্থিতিতে তাঁর মতো ডাক্তারকে কখনও পড়তে হয়নি৷ ফলে তিনি সহ্য করতে না পেরে বমি করেও ফেলেন৷ কাফিল খানের খোলা চিঠি থেকে জানা যাচ্ছে, জেলে তাঁকে যে খাবার দেওয়া হয় তা খাওয়ার যোগ্য নয়৷ তাঁকে দেখতে আসা লোকজনেদের দেওয়া ফল খেয়েই তার দিন কাটত৷ তবে লকডাউন শুরু হবার পর থেকে সেটাও বন্ধ হয়ে গেছে।

কাফিল খান খোলা চিঠিতে আরও লিখেছেন, ব্যারাকটিকে মনে হয় মাছের বাজার৷ কেউ কাশছে, থুতু ফেলছে, প্রস্রাব করছে৷ কেউ আবার কারও সঙ্গে ঝগড়া করছে৷ এই পরিস্থিতি তার ঘুম হয় না মোটেই৷ সকালের জন্য অপেক্ষা করে তাঁকে রাত পার করতে হয়৷ পড়াশোনার চেষ্টা করেন৷ কিন্তু মনোযোগ দিতে পারেন না৷ জেলে এই নারকীয় অবস্থার কথা পড়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা গর্জে উঠেছেন৷  তাঁর মুক্তির দাবি জানাচ্ছেন সবাই৷ কিন্তু যোগী সরকারের কানে সে কথা পৌঁছাচ্ছে না৷ এর আগে একটি চিঠিতে কাফিল খান মোদিকে অনুরোধ জানিয়েছিলেন মুক্তি দিয়ে কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইতে তাকে শামিল করে নিতে৷ এই চিঠিতেও তিনি দেশের সংকটজনক পরিস্থিতিতে নিজেকে ফের উৎসর্গ করার ইচ্ছা প্রকাশ করেছেন৷ কিন্তু প্রতিশোধপরায়ণ বিজেপি সরকার সে কথায় এখনও কর্ণপাত করেনি৷ জেলে গ্যাংস্টার,  চোর, ধর্ষক, গুন্ডাদের সঙ্গে অসহনীয় জীবন কাটাচ্ছেন গোরক্ষপুরের ডাঃ কাফিল খান।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!