দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বছরের জুন মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন। কিন্তু কেন্দ্র-রাজ্য সংঘাতের জেরে নভেম্বরের রেশন পাবে না বাংলা। সে কথা আবার চিঠি দিয়ে কেন্দ্র জানিয়ে দিয়েছে রাজ্যকে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় রাজ্যকে আগামী নভেম্বর মাসের রেশন দেবে না কেন্দ্র। সেই কথাই চিঠি দিয়ে রাজ্যকে জানিয়ে দেওয়া হল। আর তার জন্য দোষ চাপানো হল রাজ্যের উপরেই। এই চিঠির জবাব অবশ্য এখনও দেয়নি রাজ্য। তবে আশা করা যাচ্ছে যে জবাব দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
কেন্দ্রের এই পদক্ষেপে গরীব মানুষের ক্ষতি হবে বলে মনে করা হচ্ছে। এমনিতেই কেন্দ্রের রেশন সামগ্রী নিম্নমানের বলে অনেক ক্ষেত্রে অভিযোগ উঠেছে। সেখানে রেশন দুর্নীতির অভিযোগও তোলে বিজেপি নেতারা এবং কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতির মধ্যে ফের একবার কেন্দ্র–রাজ্য সংঘাত বেঁধে যেতে বসেছে বলে মনে করা হচ্ছে।
























