দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মালদহ জেলার রতুয়ায় একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন তৃণমূল, সংযুক্ত মোর্চা, বিজেপি-র প্রার্থীরা। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সমর মুখোপাধ্যায়, কংগ্রেস সমর্থিত মোর্চার প্রার্থী নাজেমা খাতুন এবং বিজেপি-র প্রার্থী অভিষেক সিংহানিয়া। তবে এই তিন প্রধানের মধ্যেই কেন্দ্রের রাজনৈতিক লড়াইটা ঘোরাফেরা করছে না। অনেকের ধারণা, রতুয়ার যুদ্ধে ‘গুরুত্বপূর্ণ’ ভূমিকা নিতে চলেছেন ওই কেন্দ্রের ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার প্রার্থী আরাফাত আলী।
মালদহ জেলার মোট ১২টি আসনের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় নির্বাচন হতে চলেছে এই রতুয়ায়। মালদহ জেলার ওই বিধানসভা কেন্দ্রের সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণ দেখে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, কোনও দলেরই একচ্ছত্র আধিপত্য নেই এই কেন্দ্রে। ফলে ভোট কাটাকাটির অঙ্কে রতুয়ার রাজনৈতিক ভবিষ্যৎ স্থির হবে বলে মনে করছেন অনেকে। রতুয়া কেন্দ্রের চার বারের বিধায়ক সমর। ১৯৮২, ১৯৯৬, ২০১১ এবং ২০১৬ সালের ভোটে কংগ্রেসের টিকিটে জয় পেয়েছিলেন তিনি। কিন্তু পরে কংগ্রেস ছেড়ে তৃণমূল যোগ দেন সমর। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বিধায়ক হলেও এলাকার উন্নয়নে গুরুত্ব দেননি সমর।
গত লোকসভা ভোটের নিরিখে রতুয়ায় এগিয়ে তৃণমূল। কিন্তু রতুয়া দখলের পথ কি জোড়াফুল শিবিরের কাছে মসৃণ হবে? অনেকে মনে করছেন, ভোটের যুদ্ধে সমরের পথের ‘কাঁটা’ জেলার রাজনীতিতে তাঁর ‘প্রতিদ্বন্দ্বী’ হিসাবে পরিচিত সৌমিত্র রায়। কংগ্রেসি রাজনীতিতে বেড়ে ওঠা সেই সৌমিত্র তৃণমূল হয়ে এখন পৌঁছেছেন বিজেপি-র তাঁবুতে। যদিও রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের ভরসায় নির্বাচনী বৈতরণী পেরনোর আশা করছেন সমর। তাঁর বক্তব্য, ‘‘কোনও বিশ্লেষণ কাজ করবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের জোরে এলাকায় জোড়াফুলই ফুটবে।’’
প্রয়াত গনি খান চৌধুরী আবেগে ভর করে রতুয়া জয়ের আশা করছে সংযুক্ত মোর্চাও। জোট প্রার্থী নাজেমা বলছেন, ‘‘স্থানীয় বাসিন্দারা ভুল করবেন না। তাঁরা কোতোয়ালি বাড়ির উপর ভরসা রাখবেন।’’ আবার ওয়েলফেয়ার পার্টি-র প্রার্থী আরাফাতের মতে, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, দুশোর বেশি আসন না পেলে গাদ্দারদের কিনে নেবে। আমরা মমতা ব্যানার্জির কাছে জানতে চাই, রতুয়ার তৃণমূল প্রার্থী কি আপনার ‘গাদ্দারের’ তালিকায় আছে? আপনি জনগণকে জানান, কে কে গাদ্দার? আর ‘গাদ্দার’ জেনেও প্রার্থী করলেন কেন? তিনি সামসি রেলগেট সমস্যার জন্য কংগ্রেস, সিপিএম, বিজেপি ও তৃণমূলকে দায়ী করেন।’’
আগামী ২৬ এপ্রিল সপ্তম দফায় ভোট রতুয়ায়। গঙ্গা এবং ফুলহারের সঙ্গমস্থলে অবস্থিত ওই বিধানসভা কেন্দ্রের ‘ঘোলা জল’ থিতিয়ে কী ছবি দেখা যাবে তা স্পষ্ট হবে ২ মে।


























