Wednesday, February 11, 2026
Latest Newsদেশফিচার নিউজ

দিল্লিতে শিরশিরে ঠান্ডা হাওয়ার সঙ্গে হাড়হিম বৃষ্টি, তবুও অবস্থান বিক্ষোভে অনড় কৃষকরা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দিল্লিতে শিরশিরে ঠান্ডা হাওয়ার সঙ্গে হাড়হিম বৃষ্টি, তবুও অবস্থান বিক্ষোভে অনড় কৃষকরা। এক মাসেরও বেশি সময় ধরে দিল্লি সীমান্তে অবস্থান করছেন কৃষকরা। আর এই ৩৯ দিনে দিল্লির আবহাওয়া একের পর এক রেকর্ড গড়েছে। এবার চাপ বাড়াল বৃষ্টি। কৃষকরা কিন্তু অনড়। প্রতিবাদস্থল ছাড়বেন না। দিল্লিতে নভেম্বরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড নেমেছে। গত ৭১ বছরেও যা হয়নি। পাল্লা দিয়েছে ডিসেম্বর। সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১.‌১ ডিগ্রি সেলসিয়াসে। এবার রবিবার থেকে শুরু হল বৃষ্টি। তার জেরে দিল্লি, এনসিআর–এর বিভিন্ন জায়গায় জল দাঁড়িয়েছে। তেমন শিরশিরে ঠান্ডা হাওয়া। কৃষকরা কিন্তু জানিয়ে দিয়েছেন, সরকার কৃষি আইন প্রত্যাহার না করলে নড়বেন না।

সংযুক্ত কিসান মোর্চার সদস্য অভিমন্যু কোহার জানালেন, কৃষকদের প্লাস্টিকের তাঁবু রয়েছে। তাতে হয়তো বৃষ্টির জল আটকায়। কিন্তু ঠান্ডা আটকায় না। তার ওপর রাস্তায় জল। তাঁবুর মধ্যেও ঢুকে আসছে জল। কোহারের আক্ষেপ, ‘কিন্তু ‌আমাদের এই দুর্দশা সরকার দেখতে পাচ্ছে না।’‌

আর এক আন্দোলনকারী কৃষক গুরিন্দর সিং জানিয়ে দিলেন, ‘‌যাই হোক, কিচ্ছু যায় আসে না। সরকার দাবি না মানলে আমরা এখান থেকে নড়ব না।’‌ আর এক প্রতিবাদী জানালেন, ‘‌ফসলের জন্য বৃষ্টি খুব ভালো। আমরা ক্ষেতে ভিজে ভিজেই চাষ করি। তাই এখানে বৃষ্টি হলেও কিছু যায় আসে না।’‌

 

Leave a Reply

error: Content is protected !!