দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ‘বেগমকে হারাচ্ছি, যতই নাটকবাজি করুন, কোনো কাজে লাগবেনা’, নন্দীগ্রামে ভোটের মুখে আবারও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
তৃণমূলকে টার্গেট করে রবিবার সাগরের সভায় নন্দীগ্রামের বিজেপি প্রার্থী বলেন, ‘তোষণবাজ তৃণমূল সরকারকে তাড়াতে হবে। আমিও তৃণমূল করতাম। ওখানে ল্যাম্পপোস্ট হয়ে থাকতে হবে। তোলাবাজ ভাইপোকে নেতা মানতে হবে। আমরা বললাম, ভাইপোকে নেতা মানতে পারব না।’
তৃণমূলনেত্রীকে আক্রমণ করে শুভেন্দু এদিন আরও বলেন, ‘মোদীজি উন্নয়ন করেছেন। আর মাননীয়া কী করেছেন? ২ কোটি বেকার তৈরি করলেন, ৭ বছর এসএসসি পরীক্ষা করাননি। চাকরিকে ভোকাট্টা করে দিয়েছেন।আমফানের চোরগুলোকে ভোট দেবেন না। চোরগুলোর কোমরে দড়ি পরাব। বেগমকে হারাবই। ওঁকে একটা ভোটও দেবেন না।’


























