Thursday, February 12, 2026
Latest Newsদেশফিচার নিউজ

কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য দিতে না পারলে রাজনীতি ছেড়ে দেব: মনোহর লাল খট্টর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য দিতে না পারলে রাজনীতি ছেড়ে দিব, দেশজুড়ে মোদী সরকারের আনা নতুন বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে কৃষক বিক্ষোভের মাঝে এমনই মন্তব্য করলেন বিজেপি শাসিত হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। সংবাদসংস্থা এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে খট্টর বলেন, “আমরা হরিয়ানায় কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য চালিয়ে যেতে বদ্ধপরিকর। যদি কেউ এই ন্যূনতম সহায়ক মূল্য বন্ধ করার চেষ্টা করে তাহলে মনোহর লাল রাজনীতি ছেড়ে দেবে।”

মনোহর লাল খট্টরের ডেপুটি দুষ্মন্ত চৌটালা এই মাসে একই ধরনের কথা বলেছিলেন। তিনি বলেন, “আমি যতদিন ক্ষমতায় আছি ততদিন কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করার জন্য কাজ করব। আমি যেদিনই এই প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হব সেদিনই পদ ছেড়ে দেব।”

হিসারের উকালানা ও রেওয়ারির ধারুহেরাতে হারতে হয়েছে এনডিএ জোটকে। এছাড়া সোনিপত ও আম্বালায় মেয়রের লড়াইয়ে হারতে হয়েছে বিজেপি ও তার জোটসঙ্গী জনতা জননায়ক পার্টিকে। এই হারের পরে আম্বালার বিজেপি বিধায়ক অসীম গোয়েল বলেন, দিল্লি সীমান্তে কৃষকদের আন্দোলনের প্রভাব ভোটে পড়েছে। তাই হারতে হয়েছে তাদের।

ইতিমধ্যেই বিক্ষোভরত কৃষকদের সঙ্গে ছ’বার বৈঠক করেছে কেন্দ্র। কিন্তু এখনও কোনও সমাধান সূত্র বের হয়নি। কেন্দ্রের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে, কৃষকরা চাইলে সরকার একটি কমিটি গড়ে দেবে। তাতে কৃষক সংগঠনের সদস্য থেকে শুরু করে সরকারের প্রতিনিধিরাও থাকবে। তারাই এই সব সমস্যা নিয়ে আলোচনা করবে। যদিও সেই প্রস্তাবের পরে এখনও কৃষকদের তরফে কোনও জবাব দেওয়া হয়নি।

 

Leave a Reply

error: Content is protected !!