Thursday, February 12, 2026
Latest Newsদেশফিচার নিউজ

ভোপালে করোনা টিকা নেওয়ার ১০ দিন পরেই স্বেচ্ছাসেবকের মৃত্যু! শুরু তদন্ত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আর কয়েক দিনের মধ্যেই আসছে করোনা টিকা। ভোপালে করোনা টিকা নেওয়া ১০ দিন পরেই মৃত্যু হল এক স্বেচ্ছাসেবকের। দেশ জুড়ে করোনা টিকাকরণের দিন ঘোষণার মধ্যেই এমন খবরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ভারত বায়োটেকের করোনা টিকা কোভ্যাক্সিন নেওয়ার ১০ দিনের মাথায় অস্বাভাবিক মৃত্যু হল ভোপালের এক স্বেচ্ছাসেবকের। কোভ্যাক্সিনের তৃতীয় তথা শেষ ধাপের পরীক্ষামূলক প্রয়োগ (ক্লিনিক্যাল ট্রায়াল)-এ অংশ নিয়েছিলেন ৪২ বছরের ওই যুবক। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মনে করা হচ্ছে, ওই যুবকের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। ভিসেরা রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর আরও সুনির্দিষ্ট কারণ জানা যেতে পারে। তবে ভারত বায়োটেকের দাবি, এই মৃত্যুর সঙ্গে টিকা নেওয়ার কোনও সম্পর্ক নেই।

হায়দরাবাদের ওষুধ প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেকের তৈরি করোনার টিকা ‘কোভ্যাক্সিন’-এর তৃতীয় তথা শেষ ধাপের পরীক্ষামূলক প্রয়োগ বা ক্লিনিক্যাল ট্রায়াল চলছে সারা দেশেই। দেশের বেশ কয়েকটি হাসপাতাল ও মেডিক্যাল কলেজে এই ট্রায়াল চলছে। তার মধ্যে অন্যতম মধ্যপ্রদেশের পিপলস মেডিক্যাল কলেজ হাসপাতাল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, গত বছরের ১২ ডিসেম্বর স্বেচ্ছায় টিকা নেন ভোপালের যুবক দীপক মরাবি। তার পর ২১ ডিসেম্বর মৃত্যু হয় তাঁর।

দীপক জনজাতি সম্প্রদায়ের। দিনমজুরের কাজ করেন। তাঁর বাড়ির এক সদস্য বলেন, ‘‘টিকা নিয়ে বাড়ি ফেরার পরে সামান্য কিছু শারীরিক অসুস্থতার কথা বলছিল। ১৭ ডিসেম্বর কাঁধে ব্যথা শুরু হয়। তার দু’দিন পর মুখ দিয়ে গ্যাঁজলা বেরোতে শুরু করে। বাড়ির লোকেরা বললেও ডাক্তারের কাছে যেতে রাজি হননি দীপক। বলেছিলেন, দু’-এক দিনের মধ্যে ঠিক হয়ে যাব। কিন্তু অবস্থার আরও অবনতি হলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান দীপক।’’

 

 

Leave a Reply

error: Content is protected !!