দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : লকডাউন বাড়তে পারে! বুধবার প্রধানমন্ত্রীর ডাকা সর্বদলীয় বৈঠক থেকে এমন ইঙ্গিত স্পষ্ট। সেই ভাবনা থেকেই, হঠাৎ-লকডাউনে দূরে আটকে পড়াদের জন্য ট্রেন চালানোর প্রস্তুতি নিয়ে রাখছে ভারতীয় রেল। তবে এই প্রস্তুতি শুধুই দূরপাল্লার ট্রেনের জন্য। ১৫ থেকে ২১ এপ্রিল পর্যন্ত এমন তালিকা তৈরি করে রেখেছে পূর্ব রেল।
পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া-শিয়ালদহ-সহ বিভিন্ন শাখায় সামান্য কয়েকটি লোকাল ট্রেন চালানোর প্রস্তুতি নিয়ে রাখা হলেও, তা দরকার মতো শুধুমাত্র রেলকর্মী এবং বিশেষ অনুমতিপ্রাপ্তদের জন্য। প্রস্তুতি হিসেবে ১৪ এপ্রিলের পরের মেল, এক্সপ্রেস, ইন্টারসিটি ট্রেনগুলির টিকিট এখন পাওয়া যাচ্ছে অন-লাইনে।
তবে আদৌ কি ১৫ এপ্রিল ট্রেন চালানো সম্ভব হবে? এ ব্যাপারে রেলকর্তারা সংবাদ মাধ্যমে মুখ খুলতে নারাজ। বৃহস্পতিবার রেল মন্ত্রকের শীর্ষকর্তারা ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কথা বলেছেন রেলের জেনারেল ম্যানেজারদের সঙ্গে। তবে কোনও সিন্ধান্তই এখনও চূড়ান্ত নয়। নিয়ন্ত্রিত ট্রেন চলাচল শুরু হলেও কিছু সুনির্দিষ্ট প্রস্তাব ভাবনাচিন্তায় রয়েছে –
১) ট্রেনের মধ্যেও যাত্রীদের মধ্যে যথেষ্ট দূরত্ব বজায় রাখতে হবে।
২) থ্রি-টিয়ার স্লিপার বা এসি-তে কোনও মিডল বার্থ থাকবে না।
৩) সব স্টেশনে ঢোকার সময় থার্মাল স্ক্রিনিং।
৪) ৬০ বছরের বেশি বয়সি অর্থাৎ প্রবীণ নাগরিকদের এখনই ট্রেনযাত্রার অনুমোদন না দেওয়া।
৫) ট্রেনে মাস্ক পরে থাকা বাধ্যতামূলক। না পরলে জরিমানা বা অন্যান্য শাস্তি।



















