নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা: কলকাতার তপসিয়ার কেবি হাসপাতালে অক্সিজেন পরিষেবা সহ সেফ হোমের ব্যবস্থা করল জামাআতে ইসলামি হিন্দের পশ্চিমবঙ্গ শাখা। করোনা মহামারীতে সংক্রমিত রোগীদের জন্য আইসোলেসন সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হল আজ। এই আইসোলেসনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুর্যোগ মোকাবিলা ও ব্যবস্থাপনা মন্ত্রী জাভেদ আহমেদ খান ও জামাআতে ইসলামি হিন্দের রাজ্য সভাপতি সভাপতি মাওলানা আব্দুর রফিক।
করোনা মহামারী পরিস্থিতিতে বিভিন্নমুখী কার্যক্রম পরিচালনা করছে জামাআত। তারই অঙ্গ হিসাবে আজকে ৩০ বেডের সেফ হোমের আনুষ্ঠানিক সূচনা হয়েছে বলে জানিয়েছেন জামাআতের রাজ্য কোভিড টাস্ক ফোর্সের অন্যতম সদস্য সাদাব মাসুম । আজকে সেফ হোমের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্য সভাপতি মাওলানা আব্দুর রফিক জানান, জামাআত ইসলামী হিন্দের উদ্যোগে রাজ্য জুড়ে ইতিমধ্যে ৪৮ টি ফ্রি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ সেন্টার ও একটি অক্সিজেন পার্লার পরিচালনা করা হচ্ছে। অফলাইন ও অনলাইন ২৪ ঘন্টা কোভিড হেল্প ডেস্ক পরিষেবা চালু আছে । সংক্রমিত রুগিদের জন্য জেলায় জেলায় ভলেন্টিয়ার গ্ৰুপও তৈরি করেছে। এই কোভিড সেফ হোমে ফ্রি অক্সিজেন পরিষেবাসহ সুযোগ সুবিধা দেওয়া হবে। পরিস্থিতি বিবেচনা করে জামাআত আরো কোভিড সেফ হোম গড়ে তুলবে রাজ্যজুড়ে ।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে দুর্যোগ মোকাবিলা ব্যবস্থাপনা মন্ত্রী জাভেদ আহমেদ খান জামাআতের তৎপরতাকে সাধুবাদ জানান। তিনি জানান, জামাআত সহ বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে সরকারের সমস্ত ধরনের সহযোগিতা থাকবে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ নাদিমুল হক, প্রাক্তন সাংসদ আহমদ হাসান ইমরান, জামাআতের প্রাক্তন রাজ্য সভাপতি রহমত আলি খান, হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর রাজ্য কো- অর্ডিনেটর মাসুদ আলম, কলকাতা মেট্রোসিটি জামাআতের সভাপতি মাস্টার মুখতার আলম, পশ্চিমবঙ্গ ক্রিস্টান এসোসিয়েশনের মিসেস আঞ্জেলা, এসআইও রাজ্য সভাপতি সাবির আহমেদ প্রমুখ।


























