নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা : গত ১৪ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের হাথরসে এক দলিত তরুণীকে চার উচ্চবর্ণের ব্যক্তি ধর্ষণ করে। ধর্ষিতার পরিবারের দাবি, তাঁরা দলিত হওয়ার জন্যই পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি করেছিল। গণধর্ষণের পরে তরুণীর ওপরে বীভৎস অত্যাচার করে অপরাধীরা। তাঁর শরীরে নানা জায়গায় হাড় ভেঙে যায়। ঘাড়ে গভীর ক্ষত থাকার জন্য তাঁর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল।
অভিযোগ, উত্তরপ্রদেশ পুলিশ জোর করে তাঁর দেহ আত্মীয়দের থেকে কেড়ে নিয়ে যায়। পরিবারকে বাড়িতে আটকে রাখা হয়। কয়েকজন পুলিশকর্মী মিলে রাত আড়াইটেয় তরুণীর দেহ পুড়িয়ে দেন। এহেন নৃশংস ঘটনায় উত্তাল গোটা দেশ। বিভিন্ন জায়গায় চলছে প্রতিবাদ কর্মসূচি। জামাআতে ইসলামি হিন্দ পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকেও ঘোষণা করা হয়েছে, হাথরসের ঘটনায় সোমবার রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। জেলায় জেলায় প্রতিবাদে নামবেন সংগঠনের কর্মীরা।

























