দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সামনেই বিধানসভা নির্বাচন। বাংলায় বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোতে চাইছে সব দলই। প্রত্যোকটি দল একে অন্যকে অভিযোগ- পালটা অভিযোগ করেই চলেছে। এবার নাম না করে বিজেপিকে ‛দাঙ্গাবাজ’ এবং ‘বস্তাপচা জঙ্গল পার্টি’ বলে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবিরের বিরুদ্ধে দাঙ্গা লাগানোর অভিযোগেও সরব হলেন তিনি।
বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগে আগেও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারও তার অন্যথা হল না। নির্বাচনের আগে গেরুয়া শিবির রাজ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বলে সুর চড়ালেন তিনি। বহিরাগত তত্ত্বেও জোর দিলেন মুখ্যমন্ত্রী। বাইরে থেকে এসে যারা দাঙ্গা লাগানোর চেষ্টা করে তাদের কোনওভাবে প্রশ্রয় দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। কোনও কাজ না করে রাজ্যের বিরোধিতা করাই কেন্দ্রের একমাত্র কাজ বলেও তোপ দাগেন তিনি।
মুখ্যমন্ত্রীর কথায়, “রাজ্যের উন্নয়নের কথা বলতে গেলে রামায়ণ, মহাভারত, বাইবেল পড়া শেষ হয়ে যাবে।” এছাড়াও বাঁকুড়ায় জোর করে স্থানীয়দের উচ্ছেদের খবর তাঁর কাছে এসেছে বলেও জানান। রেল ওই এলাকায় বসবাসকারীদের জন্য পুনর্বাসনের বন্দোবস্ত না করেই উচ্ছেদ শুরু হওয়ায় ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। আক্রমণের আরও ঝাঁজ বাড়িয়ে বিজেপিকে ‘বস্তাপচা জঙ্গল পার্টি’ এবং ‘গারবেজ অফ লাইস’ বলেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় ভ্যাকসিন নিয়ে কার্যত রাজনীতি করা হচ্ছে বলেও অভিযোগ করেন। তাঁর কথায়, “ভ্যাকসিন নিয়ে ছ’মাস ধরে নাটক হচ্ছে।” যদিও এর আগে সোমবার বাঁকুড়ার সভা থেকেও ভ্যাকসিন প্রসঙ্গে একই কথা বলেছিলেন তিনি।

























