দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কথায় আছে মাঘের শীতে বাঘ পালায়। মাঘের শুরুতেই রাজ্যে শীতের আরও একটা স্পেল। আগামী তিন দিন থাকবে এই শীতের পরিস্থিতি। তবে সোমবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে শুরু করবে। সপ্তাহান্তে শনি ও রবিবার জমিয়ে শীতের পরিস্থিতি রাজ্যের সর্বত্র। মাঘের শুরুতেই জাঁকিয়ে শীত রাজ্যে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট আর দক্ষিণবঙ্গে শৈত্যপ্রবাহ। কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নামল। আগামী দুইদিন আরও নামবে পারদ। জাঁকিয়ে শীতের পরিস্থিতি রাজ্যে আগামী ৪৮ ঘন্টায়।
আগামী ২৪ ঘন্টায় শৈত্য প্রবাহ রাজ্যের ৫ জেলায় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে শনিবারেও। পশ্চিমের জেলা গুলোতে তাপমাত্রা ১০ এর নীচে থাকতে পারে। রবিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকলেও সোমবার থেকে ফের তাপমাত্রা বাড়বে।
উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় ঘন কুয়াশার সর্তকতা। স্বাভাবিকের নিচে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা । সকালে ঘন কুয়াশা কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটার নীচে নামবে। রবি ও সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পংএ । সামান্য বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে।
কলকাতায় আজ সকালে সামান্য কুয়াশার পড়ে পরিষ্কার আকাশ। আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। গতকাল বিকেলে ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫১ থেকে ৮৩ শতাংশ।
দক্ষিণ ভারত থেকে উত্তরপূর্ব মৌসুমী বায়ু অর্থাৎ রিটার্ন মৌসুমী বায়ু বিদায় নিতে চলেছে আগামী ১৯ জানুয়ারি। তার আগে পূবালী হাওয়ার দাপটে বৃষ্টি চলবে দক্ষিণ ভারতে।
























