নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, নন্দকুমার : একদিকে করোনার প্রকোপ, তার জেরে লকডাউন। অন্যদিকে সুপার সাইক্লোন আমফান যেন মড়ার উপর খাঁড়ার ঘা। সব মিলিয়ে জেরবার অবস্থা আমজনতার। বন্ধ কাজ, ফলে অনেকেরই দিন কাটছে অনাহারে। পরিস্থিতির ভয়াবহতা লক্ষ্য করা গেলেও, এলাকার ‛মানুষের ভোটে জয়ী’ জনপ্রতিনিধিরা বেপাত্তা।
একই দৃশ্য দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার বিধানসভা ক্ষেত্রের বিভিন্ন এলাকায়। এহেন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়েছে ওয়েলফেয়ার পার্টি। নন্দকুমার বিধানসভার বিভিন্ন এলাকায় ‛জনতার রান্নাঘর’ পরিচালনা করছে ওয়েলফেয়ার পার্টি। পার্টির রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান নিজ হাতে গরিবদের প্লেটে খাবার তুলে দিচ্ছেন।

ওয়েলফেয়ার পার্টির কর্মীরা বিভিন্ন এলাকা ঘুরে আমফানে ক্ষতিগ্রস্তদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। পার্টির অভিযোগ এলাকার বিধায়ক সুকুমার দে’কে এই অসময়েও বিশেষ দেখা যাচ্ছেনা। এদিকে ওয়েলফেয়ার পার্টির মানবিক কর্মকাণ্ডে এলাকার মানুষ খুশি। ওয়েলফেয়ার পার্টির মূল্যবোধভিত্তিক রাজনীতি সবার মনে জায়গা করে নিচ্ছে। ফলে বাংলার রাজনীতিতে বিশেষ গুরুত্ব পাচ্ছে দলটি।




















