Monday, March 23, 2026
Latest Newsদেশফিচার নিউজ

চতুর্থ দফার লকডাউনে বন্ধ থাকবে ধর্মীয় প্রতিষ্ঠান, মেট্রো রেল, শপিং কমপ্লেক্স! রইল বাকি নিয়মকানুন

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বাড়ল লকডাউনের মেয়াদ। লকডাউনের মেয়াদ বাড়ানোর সরকারি ঘোষণার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গাইডলাইন প্রকাশ করে জানিয়ে দিল, এই দফায় কী কী খোলা হবে। কী কী বন্ধ থাকবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী যে যে পরিষেবা ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে সেগুলি হল –

  • দেশের মধ্যে ও আন্তর্জাতিক বিমান পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে। একমাত্র চিকিৎসার প্রয়োজনে পরিষেবা বা এয়ার অ্যাম্বুলেন্স ছাড়া কোনও যাত্রাবাহী বিমান চলবে না।
  • মেট্রো রেল পরিষেবা বন্ধ থাকবে।
  • স্কুল, কলেজ, কোচিং সেন্টার সমস্ত বন্ধ থাকবে। অনলাইন পঠনপাঠনের ব্যবস্থা চালু থাকবে।
  • হোটেল, রেস্তোরাঁ ইত্যাদি সবই বন্ধ থাকবে। কেবল মাত্র যে সব হোটেল, গেস্ট হাউজে চিকিৎসা কর্মীদের রাখা হয়েছে বা কোয়ারেন্টাইন সেন্টার হিসাবে ব্যবহার করা হচ্ছে সেগুলি খোলা থাকবে।
  • সব সিনেমা হল, শপিং কমপ্লেক্স, স্যুইমিং পুল, জিমনাশিয়াম, অডিটোরিয়াম, এন্টারটেইনমেন্ট পার্ক, বার, থিয়েটার খোলা যাবে। কিন্তু দর্শককে ঢোকানো যাবে না। অর্থাৎ কেবলমাত্র সেগুলির মেনটেন্যান্সের জন্য খোলা যাবে।
  • সমস্ত রকম সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও বিনোদন সংক্রান্ত বড় জমায়েত বন্ধ রাখতে হবে। বিয়ের অনুষ্ঠান করা যাবে। তবে তাতে ৫০ জনের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো যাবে না।
  • সব রকম ধর্মস্থান বা ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

কী কী পরিষেবা শুরু করা যাবে তাও জানিয়েছে কেন্দ্র। সেগুলি হল –

  • রাজ্যগুলি নিজেদের মধ্যে আলোচনা করে আন্তঃরাজ্য বাস চলাচলে অনুমতি দিতে পারে। একই ভাবে পারস্পরিক সমঝোতার প্রেক্ষিতে রাজ্যগুলির মধ্যে গাড়িও চলতে পারে।
  • কোনও রাজ্য সরকার চাইলে নিজের রাজ্যের মধ্যে বাস ও অন্যান্য গাড়ি চলাচলে অনুমতি দিতে পারে। সে ক্ষেত্রে কী নিয়ম মেনে চলতে হবে তা রাজ্য ঠিক করে দেবে।
  • এ ছাড়া স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর রয়েছে তা মেনে রাজ্যের মধ্যে যাতায়াত করা যাবে।

তৃতীয় দফার লকডাউন ঘোষণা করার সময়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছিল যে সরকারি ও বেসরকারি অফিস ৩৩ শতাংশ কর্মী নিয়ে খোলা যাবে। চার চাকার গাড়িতে ২ জন এবং মোটর সাইকেলে এক জন যাতায়াত করতে পারবেন তাও জানানো হয়েছিল। সেই সব নিয়ম অপরিবর্তিত থাকছে।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!