দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ২০১৯ সালের জুলাই মাসের ১২ তারিখে কলকাতায় মিছিল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের উদ্যোগে হওয়া সেই মিছিলে জল রক্ষার অঙ্গীকার করে পথ হেঁটেছিলেন মুখ্যমন্ত্রী। ঠাকুরবাড়ি থেকে মেয়ো রোড পর্যন্ত হওয়া সেই মিছিলে যে টাকা খরচ হয়েছে, তা শুনে অনেকেই চোখ কপালে তুলছেন।

পূর্ত দফতরের নথি বলছে, গোটা অনুষ্ঠানের বরাত পেয়েছিল শরৎ বোস রোডের একটি সংস্থা। এক্সিবিটস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামের ওই সংস্থাই সবটা করেছে। আর ওই মিছিল এবং মিছিল শেষে সভা করতে তারা সরকারের থেকে নিয়েছে ১ কোটি ২৯ লক্ষ ৪৪ হাজার ৯৫৬ টাকা। এই অর্থের পরিমাণ শুনেই নবান্নের বিরুদ্ধে বড় দুর্নীতির অভিযোগ তুলছেন বিরোধীরা।
প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র এ ব্যাপারে বলেন, ‛আর কিছু বলার নেই। একটা মিছিল করতে এক কোটি ৩০ লক্ষ টাকা একটা সরকার খরচ দেখাচ্ছে! এদের লজ্জাও করে না, মানুষের টাকা নিয়ে এ ভাবে নয়-ছয় করছে। অবিলম্বে এর তদন্ত হওয়া উচিত।’ বিধানসভার বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, এই সরকার পরের ধনে পোদ্দারি করছে। যে শুনবে সে-ই বলবে এই পরিমাণ অর্থ একটা মিছিলে খরচ হতে পারে না।
সব খবর এইবার আপনার হোয়াটসঅ্যাপে! আমাদের গ্রুপে যুক্ত হোন বিনামূল্যে
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ



















