দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সাজগোজে পরিপাটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাড়ি-গোঁফ বরাবরই নিখুঁত ভাবে ট্রিম করা থাকে। কিন্তু লকডাউনের সময়কালে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীর দাড়ি ও গোঁফ, দুইয়ের দৈর্ঘ্যই বেড়েছে। মাথার পিছনে চুলও লম্বা হয়েছে।

লকডাউন ঘোষণার সময় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিতে হাজির হয়েছিলেন। তার পরে যত বার তিনি টেলিভিশনের পর্দায় আবির্ভূত হয়েছেন, তত বারই দেখা গিয়েছে, ক্রমশ তাঁর দাড়ি লম্বা হচ্ছে। লকডাউন পর্বে প্রধানমন্ত্রী বাড়ির বাইরে বিশেষ বার হননি।
লকডাউন ওঠার পরেও দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীর দাড়ির দৈর্ঘ্য কমেনি। যার অর্থ, তিনি ক্ষৌরকারের সঙ্গে দূরত্ব রেখেই চলছেন। মোদী-ভক্তদের মধ্যে জোর জল্পনা, উনি কি এ বার দাড়ি আরও লম্বা করবেন? লম্বা দাড়িই রাখবেন?
![]()
![]()
এদিকে একুশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। সোশ্যাল সাইটে দাবি করা হচ্ছে বাঙালির মন পেতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাড়ি রাখছেন প্রধানমন্ত্রী। এমনকি রবীন্দ্রনাথ ও মোদীর ছবি পাশাপাশি বসিয়ে দাড়ির তারতম্যও বুঝিয়ে দেওয়া হয়েছে, যেখানে দু’জনের দাড়ি প্রায় একইরকম দেখাচ্ছে।




















