Thursday, February 12, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

‘সাবানমাখা ভক্তের’ সঙ্গে পোজ, সোশ্যাল মিডিয়ায় হাসির ‘খোরাক’ হিরণ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: প্রচার করতে স্নানঘরে ‘হিরো’ হিরণ! নেটদুনিয়াজুড়ে এখন পদ্ম শিবিরের তারকা প্রার্থীকে নিয়ে এহেন রব-ই উঠেছে। নেপথ্যে ভাইরাল একটুকরো ছবি। নেটজনতার কথায়, “ও বাবা এ-কী ছিড়ি!” তা কীরকম? সাবানমাখা এক যুবকের পাশে সহাস্যে পোজ দিয়েছেন হিরণ চট্টোপাধ্যায়। গলায় গেরুয়া উত্তরীয়। পরনে সাদা পাঞ্জাবী, মোদী কোট। বোঝাই যাচ্ছে খড়গপুর সদর কেন্দ্রের তারকা পদ্ম-প্রার্থী প্রচার করতে বেরিয়েছিলেন। কিন্তু ভোট প্রচারের ময়দানে এই আপাদমস্তক সাবানমাখা যুবকের সঙ্গে কী করছেন হিরণ চট্টোপাধ্যায়? অতঃপর এই প্রশ্ন তুলে এখন সোশ্যালওয়াল-ময় ‘ফ্যানা ফ্যানা’ হওয়ার জোগাড়।

হাসির রোলও পড়েছে নেটদুনিয়ায়। পদ্মপ্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের এহেন ছবি দেখে প্রতিপক্ষ শিবিরের সমর্থকরাও খোরাক শুরু করেছেন। কেউ বা আবার বুদ্ধদেব গুহর ‘চানঘরে গান’ উপন্যাসের কথা স্মরণ করে ফেলেছেন এই প্রেক্ষিতে।

প্রিয় অভিনেতাকে কাছ থেকে দেখার, ছোঁয়ার সুযোগ পেলে অনুরাগীরা আনন্দে আত্মহারা হন বটে! আবার প্রচার করতে গিয়েও প্রার্থীরা নানারকম অভিজ্ঞতার সম্মুখীন হন। বিশেষত তারকা প্রার্থী হলে তো কথাই নেই! আবেগাপ্লুত অনুরাগীরা কী করবেন, তা যেন ঠাহর করাই দায় হয়ে ওঠে তাদের পক্ষে। আজব-অদ্ভুতুড়ে কাণ্ডকারখানারও শামিল হতে হয় অনেককে। কিন্তু তাই বলে, এহেন কর্মকাণ্ড! প্রচারে বেরিয়ে সোজা ভক্তের স্নানঘরে! ভোটের ময়দানে এমন নজির বোধহয় হিরণ চট্টোপাধ্যায়-ই গড়লেন। যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি ‘ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা’।

বুধবার থেকেই সোশ্যাল মিডিয়া-জুড়ে বিজেপি প্রার্থী হিরণের একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, আপাদমস্তক সাবান মাখা এক যুবকের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন হিরণ। তা আদতে ঘটনাটা কী? জানা যাচ্ছে, সাবানমাখা ওই ব্যক্তি হিরণের ‘জাবড়া-ফ্যান’, মানে অন্ধ ভক্ত আর কী! কোন রাজনৈতিক দল, কী বৃত্তান্ত! ওসব ভাবনা অতীত! প্রিয় অভিনেতা প্রচারে আসছেন শুনে ওই যুবক সাবানমাখা অবস্থাতেই স্নানঘর থেকে ছুটে বেরিয়ে আসেন। যা দেখে হাসি চেপে রাখতে পারেননি হিরণ নিজেও। কাজেই ‘গায়ে ফ্যানা-সর্বস্ব ফ্যান’-এর আত্মত্যাগ তো আর বিফলে যেতে পারে না! অতঃপর হিরণও নিরাশ করলেন না। সেই ছবিই এখন সোশ্যাল দুনিয়ায় সওয়ারি হয়ে আট থেকে আশির মোবাইলে। কী কাণ্ড!

 

 

Leave a Reply

error: Content is protected !!