Thursday, February 12, 2026
Latest Newsদেশফিচার নিউজ

মোদীর বিকাশ দেখে দেশের মানুষের আরও মনোবল ভেঙে যাচ্ছে, খোঁচা রাহুলের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: গত কয়েক মাস ধরেই বিভিন্ন ইস্যু নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগতে দেখা গিয়েছে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীকে। করোনা মোকাবিলা থেকে অর্থনৈতিক পরিস্থিতি ও বেকারত্বের মতো নানা বিষয় নিয়েই মোদী সরকারকে বিঁধেছেন তিনি। বারবার অভিযোগ তুলেছেন, এই সমস্যাগুলির সমাধান করে উঠতে পারেনি সরকার। ফের আরও একবার মূল্যবৃদ্ধি ও বেকারত্বের হার নিয়ে মোদী সরকারকে একহাত নিলেন রাহুল গান্ধী।

এদেশে মূল্যবৃদ্ধি ও বেকারত্বের হার কোনওদিনই এত বেশি ছিল না, যতটা এই মুহূর্তে রয়েছে। বুধবার সকালে একটি টুইটে এমনই দাবি করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই পরিস্থিতিতে দেশের মানুষের মনোবল তলানিতে পৌঁছেছে বলেও দাবি করেন তিনি।

রাহুল লেখেন, ‘‘ব্যাংকগুলি সমস্যায় রয়েছে। জিডিপিও। মূল্যবৃদ্ধি এত বেশি কোনও দিনই ছিল না। বেকারত্বও। জনতার মনোবল ভেঙে যাচ্ছে। সামাজিক ন্যায়বিচারও দৈনিক নিষ্পেষিত হচ্ছে। এটা বিকাশ না বিনাশ?’’

প্রসঙ্গত, অর্থমন্ত্রী এর মধ্যেই দাবি করেছেন, অর্থনৈতিক বিপর্যয়ের ধাক্কা সামলে ওঠার পথে দেশ। লকডাউনের পর ধীরে ধীরে তার ইঙ্গিত মিললেও অক্টোবরের হিসেবে আবার দেখা দিয়েছে সংকটের ইঙ্গিত। গত মাসের হিসেব বলছে ইপিএফও-তে নথিবদ্ধ সংস্থা হ্রাস পেয়েছে ৩০ হাজার। মাত্র এক মাসেই কর্মী সংখ্যা ১৮ লক্ষ কমে গিয়েছে! এই পরিসংখ্যান যথেষ্ট উদ্বেগজনক বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

 

Leave a Reply

error: Content is protected !!