Tuesday, March 3, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

এগিয়ে আসছে ভয়ঙ্কর ইয়াস! কলকাতায় কত গতিতে আছড়ে পড়বে পূর্বাভাস দিল হাওয়া অফিস

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ঘূর্ণিঝড় ইয়াস ওড়িশার বালাসোরে ল্যান্ডফল করার সময় সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। সেইসময় কলকাতা বা শহরতলির জেলাগুলির কী পরিস্থিতি হবে। দিঘা থেকে মাত্র ৬১০ কিলোমিটার দূরে অবস্থান করা ঘূর্ণিঝড় ইয়াসের ল্যান্ডফলের সময় কলকাতায় কত গতিবেগে বইবে ঝড়, পূর্বাভাসে জানাল আলিপুর হাওয়া অফিস।

হাওয়া অফিসের পূর্বাভাস, ঘূর্ণিঝড় ইয়াস সাগরে ফুঁসতে থাকলেও এ যাত্রায় কলকাতা ও কলকাতা-সংলগ্ন জেলাগুলি রক্ষা পাবে ঝড়ের প্রচণ্ড প্রকোপ থেকে। আলিপুর হাওয়া অফিসের আবহবিদ সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাংলার শুধু পূর্ব মেদিনীপুর জেলায় ঝড়ের প্রকোপ থাকবে বেশি। পূর্ব মেদিনীপুরের পাশ দিয়ে ঝাড়খণ্ডের দিকে চলে যাবে ঝড়। এখানে ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে ঝড় বইবে।

 

সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ঘূর্ণিঝড় যেহেতু ওড়িশার বালেশ্বরে ল্যান্ডফল করবে, সেহেতু বাংলায় শুধু ঝাপটা লাগবে। দক্ষিণ ও উত্তর ২৪ পরগনার উপকূলবর্তী এলাকাতেও ঝড়ের গতিবেগ থাকবে ১০০ কিলোমিটারের আশেপাশে। ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝড় বইবে দুই জেলার উপকূলবর্তী এলাকায়।

আবহাওয়ার পূর্বাভাসে আবহবিদ সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কলকাতায় ঘূর্ণিঝড় ইয়াসের গতিবেগ হবে সর্বোচ্চ ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় বইবে ইয়াসের ল্যান্ডফলের সময়। কলকাতা সংলগ্ন হাওড়া-হুগলিতেও ঘূর্ণিঝড় ইয়াসের সর্বোচ্চ গতিবেগ হবে ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় হবে।

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, সমুদ্রে শক্তি বাড়িয়ে সিভিয়ার সাইক্লোনে পরিণত হয়েছে। তা ভেরি সিভিয়ার সাইক্লোনে পরিণত হবে মঙ্গলবারই। পরদিন বুধবার শক্তি বাড়িয়ে সাগরে ফুঁসে ওঠা ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়বে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার গতিতে। বালাসোরে আছড়ে পড়ার পর ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার গতিতে ঝড় বইবে বালাসোর সংলগ্ন ভদ্রক, কেন্দ্রপাড়া, জগৎসিংপুর এলাকায়।

Leave a Reply

error: Content is protected !!