দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: যত কাণ্ড যোগীরাজ্যে। প্রতিদিন নিত্য নতুন কাণ্ডের জন্য খবরের শিরোনাম দখল করছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ। এবার ডাক্তারদের চরম ভুলে ভয়ানক পরিণতির সাক্ষী থাকল যোগীরাজ্য। কিন্তু এত বড় ভুল হয় কি করে! আস্ত একখানা তোয়ালে রয়ে গেল রোগীর পেটে। ডাক্তারদের এমন ভুলে ভয়ানক বিপদের মুখে পড়়লেন সেই রোগী। 
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরের কল্যাণপুর এলাকার এক নার্সিংহোমে। সিজারিয়ান ডেলিভারির পর রোগীর পেটে আস্ত একটা তোয়ালে ভুলে রেখে দিয়েছিলেন চিকিত্সকরা। ৭৭ দিন ধরে সেই তোয়ালে রইল রোগীর পেটে। সঙ্গে অসহ্য যন্ত্রণা ভোগ করতে হল তাঁকে। সবটাই হল চিকিত্সকদের ভুলে। পেটে প্রচণ্ড ব্যথা অনুভব হওয়ায় ফের চিকিত্সদের কাছে যান ওই রোগী। পরীক্ষায় ধরা পড়ে, তাঁর পেটের ভিতর রয়েছে তোয়ালে।
সেই তোয়ালে বের করতে আরও একবার ওই রোগীর অস্ত্রোপচার হয়। চিকিত্সক ও ওই নার্সিং হোমের অসাবধানতার জন্য দিনের পর দিন অসহ্য ব্যথা সহ্য করতে হল ওই রোগীকে। আর তাই তিনি পুলিসের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেন।
জেলাশাসক ও মুখ্যমন্ত্রীর অফিসেও অভিযোগ দায়ের করেছেন ৩০ বছর বয়সী ওই মহিলা। তদন্তের আশ্বাস দিয়েছে পুলিস।
























