দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সম্প্রীতির অনন্য নজির গড়লেন পশ্চিম বর্ধমানের ‘দেশের মহান’ গ্রাম। ওই গ্রামের ২৩০টি পরিবারের মধ্যে মাত্র ১টি পরিবার হিন্দু। বাকি সব মুসলিম। আর এই হিন্দু পরিবারের বৃদ্ধের শেষকৃত্য করলেন মুসলিম যুবকরা। তাঁদের কাঁধে চেপেই চিতায় উঠলেন বৃদ্ধ।
জামুড়িয়া থানার এই গ্রামের বাসিন্দা রামধনু রজক অসুস্থ বোধ করায় তাঁকে চিকিৎসার জন্য দুর্গাপুরের একাধিক বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান গ্রামের মানুষরা। কিন্তু রাণীগঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে শনিবার বিকেলে মারা যান তিনি। সহায় সম্বলহীন রামধনুর শেষকৃত্যের দায়িত্ব নেন গ্রামের মুসলিম বাসিন্দারা। তাঁরাই দেহ কাঁধে চড়িয়ে শ্মশানে নিয়ে যান।
শুধু পারলৌকিক ক্রিয়াকর্ম নয়, অসুস্থ বৃদ্ধকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া থেকে সেবা শুশ্রূষা, সবই করেছেন এই মুসলিম সম্প্রদায়ভুক্ত পাড়া-প্রতিবেশীরাই। জামুড়িয়ার শেষপ্রান্তে অজয় নদের তীরের এই ছোট্ট গ্রামের মানুষজন সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির সৃষ্টি করে বুঝিয়ে দিলেন, তাঁরা প্রকৃতই মহান।
























