দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কাটলোনা জট, কৃষি আইন নিয়ে কৃষক-কেন্দ্রের নবম বৈঠকও বিফলে। দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে ৪০টি কৃষক সংগঠনের নেতারা নবম বারের মতো শুক্রবার আরও এক দফা বৈঠকে বসেছিলেন। কিন্তু আগের আট দফার মতোই বৈঠক নিষ্ফলা। কৃষক নেতাদের বক্তব্য, কোনও মধ্যস্থতাকারী নয়, তাঁরা সরাসরি কেন্দ্রের সঙ্গে কথা বলতে চান। এই সরাসরি বলতে প্রধানমন্ত্রীকেই ইঙ্গিত করেছেন কৃষক নেতারা।
ভারতীয় কিসান ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকাইত বলেন, ‘‘তিনটি কৃষি আইন প্রত্যাহারের পরিকল্পনা তৈরি করুক এবং কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের নিশ্চয়তা দিক।’’ জট কাটাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও দাবি করেছেন তাঁরা।
সেপ্টেম্বরে তিনটি কৃষি আইন পাশ হওয়ার পর থেকে এর বিরুদ্ধে বহু মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলাগুলি একত্রিত করে শুনানি চলছে। শেষ দিনের শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনটি আইন স্থগিত রাখতে হবে। পাশাপাশি কৃষক এবং সরকারের মধ্যে আলোচনা ও মধ্যস্থতার জন্য ৪ সদস্যের একটি কমিটি গঠন করে দেয় কেন্দ্র। কিন্তু তার পরেও নবম দফায় কেন্দ্রের সঙ্গে কৃষক নেতাদের আলোচনাতেও সমাধান হল না কৃষক আন্দোলনের।
























