দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কেন্দ্রের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনার পরেও দিল্লির সীমানায় কৃষক আন্দোলন অব্যাহত। সেই আন্দোলনের ঢেউ এ বার এ রাজ্যেও। ১৬ ডিসেম্বর বুধবার ‘রাজভবন চলো’ অভিযানের ডাক দিল সারা ভারতের প্রায় ২৫০ কৃষক সংগঠনের যৌথ মঞ্চ ‘অখিল ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতি’ (এআইকেএসসিসি)। ওই দিন রানি রাসমণি অ্যাভিনিউয়ে একটি প্রকাশ্য সভাও করবে সংগঠন।
দিল্লির আন্দোলনে সমর্থন জানাতে এ বার এ রাজ্যেও আন্দোলন কর্মসূচি ঘোষণা করল এআইকেএসসিসি–এর পশ্চিমবঙ্গ শাখা। বুধবারের কর্মসূচির প্রসঙ্গে সংগঠনের সদস্যরা জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বুধবার শিয়ালদহ ও হাওড়া স্টেশনে জমায়েত করবেন কৃষকরা। সেখান থেকে মিছিল করে রানি রাসমণি রোডে প্রকাশ্য সভায় যোগ দেবেন তাঁরা। ওই সভা থেকেই সংগঠনের কয়েকজন প্রতিনিধি রাজভবনে গিয়ে রাজ্যপালকে দাবিপত্র তুলে দেবেন তাঁরা।

























