দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: এবার শুভেন্দুর মিছিলেও উঠলো ‘গোলি মারো’ স্লোগান। বুধবার চন্দননগরের ছিল শুভেন্দু অধিকারীর মিছিল। সেখান থেকে উঠল ‘গোলি মারো’ স্লোগান। তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু চাপানউতোর।
বুধবার চন্দননগরে রোড শো ছিল বিজেপির। সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানো শুভেন্দু অধিকারী, সাংসদ লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং, স্বপন দাশগুপ্ত অংশ নেন তাতে। লরিতে চড়ে দিব্যি ফুল ছুঁড়ে, হাত নাড়িয়ে রোড শো চলছিল। আচমকাই বেশ কয়েকজন ‘গোলি মারো’ স্লোগান দেন। তাতেই পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। বিড়ম্বনায় পড়েন বিজেপি নেতারা।
গত লোকসভা নির্বাচনের আগে বিজেপির একটি সমাবেশ থেকে সিএএ বিরোধীদের দিকে এইভাবেই আক্রমণ শানানো হয়েছিল। দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া হয়। বিভিন্ন মহল থেকে এই স্লোগানের বিরুদ্ধে প্রতিবাদ হয়। এবার বিজেপির মিছিল থেকে একই স্লোগান ওঠায় সমালোচনা শুরু হয়েছে। চলছে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। শমীক ভট্টাচার্য বলেন, “এই ধরনের শব্দবন্ধনীকে সমর্থন করে না বিজেপি। যে বা যারা মিছিলে এই ধরনের কাজ করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।”


























