নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা: মাদ্রাসা বোর্ডের পরীক্ষা দিন ঘোষণার দাবি জানাল ছাত্র সংগঠন এসআইও। করোনা আবহে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দিয়ে নতুন করে জুলাইয়ের শেষ সপ্তাহে উচ্চমাধ্যমিক ও আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা গ্রহণের কথা বলা হয়েছে। কিন্তু হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পড়ুয়াদের পরীক্ষা গ্রহণের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করা হয়নি। স্টুডেন্টস্ ইসলামিক অর্গাইনাইজেশন অফ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ শাখা মাদ্রাসা বোর্ডের ছাত্রছাত্রীদের পরীক্ষা গ্রহণের বিষয়ে সরকারকে অবিলম্বে অবস্থান স্পষ্ট করার দাবি জানায়।
সংগঠনের রাজ্য সভাপতি সাবির আহমেদ এই বিষয়ে বলেন, “রাজ্যে প্রায় সত্তর হাজার হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার্থী রয়েছে। কিন্তু সাংবাদিক সম্মেলনে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের বিষয়ে কোন প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। ফলত পড়ুয়ারা অনিশ্চয়তার মধ্যে রয়েছে”।
উল্লেখ্য যে, পশ্চিমবঙ্গে গতবছর হাই মাদ্রাসায় মোট পরীক্ষার্থী ছিল ৫১,১৩৬ জন। আলিম বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ৯২৩৩ জন। অপরদিকে, উচ্চমাধ্যমিক স্তর অর্থাৎ ফাজিলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪০৮১ জন। এই বছর করোনা ভাইরাসের প্রকোপে অন্যান্য পরীক্ষাগুলোর মত মাদ্রাসা বোর্ডের পরীক্ষাও নির্দিষ্ট সময়ে গ্রহণ করা যায়নি।
সাবির আহমেদ দাবি জানিয়েছেন, “রাজ্য সরকারকে অবিলম্বে পরীক্ষার দিনক্ষণ, সিলেবাস ও প্রশ্নপত্রের ধরন প্রকাশ করতে হবে।” এছাড়াও তিনি কঠোর স্বাস্থ্যবিধি মেনে মাদ্রাসা, মাধ্যমিক-উচ্চমাধ্যমিক ও অন্যান্য পরীক্ষা গ্রহণের আহবান জানান।


























