দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মূল তিন দলের মধ্যে প্রচারে সব থেকে এগিয়ে রয়েছে বিজেপি। ইতিমধ্যেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও একাধিক হেভিওয়েট নেতা নেত্রীদের আগমন ঘটেছে নির্বাচনী প্রচারে। এবার ভোটে শুধু রাজনৈতিক আক্রমণ নয়, এদিন প্রতিশ্রুতির ফুলঝুরি শোনা যায় অমিত শাহের মুখ থেকে। কলকাতা থেকে উত্তরবঙ্গ, বিজেপি ক্ষমতায় এলে উন্নয়নের রোডম্যাপ ঠিক কী হতে চলেছে, তার ঝলক তুলে ধরেন শাহ। তাঁর বক্তব্যে তাৎপর্যপূর্ণভাবে উঠে এসেছে কৃষককের কথা। শাহ জানান, ‘ক্ষমতায় এলে প্রত্যেক কৃষককের অ্যাকাউন্টে ১৮ হাজার টাকা দেওয়া হবে।’ পাশাপাশি কর্মসংস্থান নিয়েও বড় ঘোষণা করেন শাহ। তিনি জানান, বিজেপি সরকার ক্ষমতায় এলে প্রত্যেক বাড়িতে কমপক্ষে একজনের রোজগার সুনিশ্চিত করা হবে।’
এদিন কলকাতার উন্নয়নের জন্য একগুচ্ছ ঘোষণা করেন অমিত শাহ। তিনি বলেন, ‘একটা সময় সিঙ্গাপুরের উন্নয়নের মডেল ছিল। কলকাতা সিটি অফ জয় থাকবে। পাশাপাশি শহরকে সিটি অফ ফিউচার হিসেবেও গড়ে তোলা হবে।’ শাহ এদিন বলেন, ‘নোবেল প্রাইজের মতো রবীন্দ্রনাথ ঠাকুর পুরস্কার এবং অস্কারের মতো সত্যজিৎ রায় পুরস্কার চালু করা হবে।’ কলকাতাকে অপরাধমুক্ত করতে শহরের প্রতিটি গলিতে থাকবে সিসিটিভি ক্যামেরা, জানান তিনি। তাৎপর্যপূর্ণভাবে এদিন অমিত শাহ জানান, আগামী ৫ বছরে কলকাতাকে দেশের দ্বিতীয় কেন্দ্র তথা আর্থিক রাজধানী করার চেষ্টা করা হবে। একটি কমিটি গঠন এই পদক্ষেপের বাস্তবায়নের লক্ষ্যে এগোনো হবে, দাবি শাহে। ক্যালকাটা ,স্টক এক্সচেঞ্জের পুনর্জীবন করা হবে। মেট্রো, লোকাল ট্রেন এবং বাসের জন্য চালু করা হবে এক কার্ড।

























