Tuesday, March 3, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

‘তৃণমূল কংগ্রেস অত দুর্বল নয়, আগুন নিয়ে খেলবেন না’, নাম না করে শুভেন্দুকে হুঁশিয়ারি মমতার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ‘তৃণমূল কংগ্রেস অত দুর্বল নয়, আগুন নিয়ে খেলবেন না’,সোমবার মেদিনীপুর কলেজ মাঠের জনসভা থেকে নাম না করে শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মমতা বিরোধীদের বিরুদ্ধে ঘর ভাঙার অভিযোগ তুলে বলেন, ‘সিপিএম – কংগ্রেস – বিজেপি ঘোলা জলে মাছ ধরতে নেমেছো। ভাবছো এভাবেই চলবে? শুধু গালাগালি দিয়ে বেড়াচ্ছো। অনেক টাকা ছড়াচ্ছো। দাঙ্গা লাগাচ্ছো, মিথ্যে কথা বলছো, কুৎসা করছো, চক্রান্ত করছো, অপপ্রচার করছো, সরকার ভাঙছো, দল ভাঙছো, ঘর ভাঙছো, মানুষের ভালবাসা ভাঙছো, জেনে রেখে দেও, ভারতবর্ষের মাটি থেকে তোমাদের উৎখাত হওয়ার সময় চলে এসেছে। আগে নিজেদের বাঁচাও’।

বক্তব্যের মাঝে তৃণমূলের সূচনাকালে মেদিনীপুরে অখিল গিরির ভূমিকা তুলে ধরেন মমতা। বলে রাখি, অখিল গিরি জেলায় অধিকারীদের বিরোধী গোষ্ঠীর অন্যতম প্রধান নেতা। মমতা বলেন, ‘তৃণমূল কংগ্রেস যখন তৈরি করেছিলাম, কাঁথি থেকে প্রথম অখিল গিরি লড়াই করেছিল। সেদিন হয়তো আমরা জিততে পারিনি। কিন্তু আমরা দ্বিতীয় হয়েছিলাম। প্রথমবার, মাত্র ২২ দিনের জায়গায়’।

এর পর নাম না করে শুভেন্দু অধিকারীকে মমতার বার্তা, ‘তৃণমূল কংগ্রেস অত দুর্বল নয়। যদি কেউ মনে করে তৃণমূল কংগ্রেসকে ব্ল্যাকমেলিং করবো, বার্গেনিং করবো….. তৃণমূল কংগ্রেসকে নির্বাচনের সময় দুর্বল করবো। সেই বিজেপি দল ও বিজেপি দলের যারা বন্ধু, তাদের কাছে পরিষ্কার করে বলবো, আগুন নিয়ে খেলবেন না। আর যাকে পারেন জব্দ করতে, তৃণমূল কংগ্রেসটাকে পারবেন না। কারণ, তৃণমূল কংগ্রেস মানুষকে আলিঙ্গন করে বেঁচে আছে। তৃণমূল কংগ্রেস জন্মলগ্ন থেকে লড়াই করে বেঁচে আছে’।

 

Leave a Reply

error: Content is protected !!