দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দেশে মোদী সরকার আসার পর থেকেই অর্থনীতির বেহাল দশা এবং মূল্যবৃদ্ধি লাগামছাড়া হয়েছে, এমনটাই বলছে আইএএনএস সি-ভোটারস সংস্থার সমীক্ষা। ২০২০ সালে কেবলমাত্র ১০.৮ শতাংশ উত্তরদাতা বলেছেন, দ্রব্যমূল্য হ্রাস পেয়েছে। ১২.৮ শতাংশ বলেছেন কিছুই বদলায়নি। ৭২.১ শতাংশের মতে মোদির আমলে বেড়েছে জিনিসপত্রের দাম। ২০১৪ সালের পর থেকে আর্থিক ইস্যুতে এটাই মোদি সরকারের সনথেকে খারাপ পারফর্মেন্স।
৪৬.৪ শতাংশ মানুষের দাবি, নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কার্যকালে আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশ। আশানুরূপ কাজ আদৌ করেনি এই জুটি। আবার ৩১.৭ শতাংশ বলছে, আশাতীত ভাল কাজ করেছেন প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী। মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন ২০১০ সালের পর এটাই সমীক্ষার সবথেকে খারাপ ফল।
গত একবছরে মূল্যবৃদ্ধির প্রতিকূল প্রভাব অত্যন্ত বেশি, এমনটা মনে করছেন ৩৮.২ শতাংশ মানুষ। ৩৪.৩ শতাংশ বলছেন, প্রভাব পড়েছে কিন্তু তা খুব বেশি নয়। প্রায় অর্ধেক উত্তরদাতার (৪৮.৪ শতাংশ) দাবি, শেষ একবছরে সাধারণ মানুষের জীবনযাত্রার মান নেমেছে। ২৮.৮ শতাংশের ধারণা তার উলটো এবং ২১.৩ শতাংশ মনে করছে, কিছুই বদলায়নি। অর্থাৎ, মোদীর আমলে আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশ, মোটের ওপর এমনটাই উঠে আসছে আইএএনএস সি-ভোটারস-এর সমীক্ষায়।

























