সামাউল্লাহ মল্লিক, দৈনিক সমাচার, কলকাতা : ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি পশ্চিমবঙ্গ শাখার চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন অবসরপ্রাপ্ত আইএএস শেখ নুরুল হক। নতুন বছরের প্রথম দিনই (বুধবার) নিজের পদে আসীন হয়েছেন তিনি। সোসাইটির চেয়ারম্যান হিসেবে নুরুল হক-এর নাম গত সোমবার ঘোষণা করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রেড ক্রস সোসাইটি (বেঙ্গল ব্রাঞ্চ) আইন ১৯২০ অনুযায়ী সোসাইটির প্রেসিডেন্ট রাজ্যপাল জগদীপ ধনখড় তাঁর ক্ষমতাবলে এই অবসরপ্রাপ্ত আমলাকে নিয়োগ করেছেন।
শেখ নুরুল হক এর আগে রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব পদের দায়িত্বভার সামলেছেন। মুখ্যসচিবের পদ থেকে অবসর নেওয়ার পর তিনি রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার। এখানেই শেষ নয়, রাজ্যের স্বাস্থ্য প্রকল্পেরও শীর্ষপদে ছিলেন তিনি। ১৯৮২ সালের ব্যাচের এই আইএএস অবসর নেওয়ার পর থেকে রাজ্যে একাধিক সংস্থার সঙ্গে যুক্ত। এই সব অভিজ্ঞতার কারণেই অবসরপ্রাপ্ত এই আমলাকে রেড ক্রসের পদে নিয়োগ করা হল বলে জানানো হয়েছে।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
কি ভাবছেন? কিভাবে শুরু করবেন নতুন কাজ? দৈনিক সমাচারের এহেন প্রশ্নের জবাব দিতে গিয়ে সোসাইটির নব্য চেয়ারম্যান শেখ নুরুল হকের কন্ঠে শোনা গেল দীপ্ত অঙ্গীকার। ‛অবশ্যই অভিনব কিছু করার চেষ্টা করব’। তাঁর কথায়, ‛রেডক্রস সোসাইটি আগে থেকেই বহু কাজ করে আসছে। চিকিৎসা, প্রাকৃতিক বিপর্যয়, রক্তদান শিবির, বিভিন্ন রকম ক্যাম্প ও সমাজসেবামূলক কাজ রয়েছে তার মধ্যে। সবে নতুন দায়িত্ব পেলাম, পুরো বিষয়টা একটু বুঝে নিতে চাই। তারপর সময় নষ্ট না করেই কাজে ঝাঁপাব। আশা করি নিরাশ করব না কাউকে।’
নতুন এই পদ কতটুকু চ্যালেঞ্জের? জবাবে প্রাক্তন এই আমলা বলেন, ‛দীর্ঘ দিন রাজ্য সরকারের উচ্চপদে থেকে বহু কাজ সামলেছি। তেমন কোনও সমস্যা হয়নি। রেডক্রস সোসাইটির চেয়ারম্যান পদটিও আগের পদগুলির মতোই সমান গুরুত্বপূর্ণ। তবে আমার কাছে পদের চেয়ে কাজ বেশি গুরুত্বপূর্ণ। তাই আমি চেষ্টা করব সকল মানুষের জন্য কাজ করার।’ একটু থেমে তিনি আরও বলেন, ‛মানুষের সেবা করার এটা একটা বড় সুযোগ। রেডক্রস সোসাইটি স্বাস্থ্য বিষয়ক প্রকল্পের উপর কাজ করে। আমি পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগে সাড়ে তিন বছর প্রজেক্ট ডিরেক্টর ছিলাম। কাজেই এখানে কাজ করতে বেশ ভালোই লাগবে।’
ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি পশ্চিমবঙ্গ শাখার চেয়ারম্যান পদের দায়িত্ব পেয়ে রাজ্যবাসীকে ধন্যবাদ জানাতে ভোলেননি নুরুল হক। তিনি বলেন, রেডক্রস সোসাইটির প্রচুর চিকিৎসক। তাঁরা খুবই স্বল্প খরচে কাজ করেন। সোসাইটি থেকে ওষুধ ও সামান্য গাড়ি ভাড়া নিয়ে বাড়ি বাড়ি পরিসেবা পৌঁছে দেন ওই ডাক্তাররা। ওই ডাক্তারদের সহায়তায় রাজ্যবাসীকে পরিসেবা দেওয়ার কাজ করে যাব। দৈনিক সমাচারকে তিনি জানান, জেলায় জেলায় সোসাইটির শাখা রয়েছে। প্রত্যেক জেলায় যাতে আরও ভালো কাজ করা যায় সেই প্ৰচেষ্টা চালিয়ে যাব বলেও জানান রেডক্রস সোসাইটির নব্য চেয়ারম্যান শেখ নুরুল হক।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন



















