দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সব সময় বিতর্কের শীর্ষেই থাকতে ভালবাসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এর আগেও একাধিক বার বিতর্কিত মন্তব্য করে বিতর্কের মূলে থেকেছেন। এবার ফের রাজ্য সরকারকে অসাংবিধানিক ভাষায় আক্রমণ করে বিতর্কের সৃষ্টি করলেন দিলীপ। বিতর্কের ঝড় তুলে দিলীপ ঘোষ প্রকারান্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভিখারী বলে আখ্যায়িত করলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করেই তিনি কড়া নিশানা করলেন রাজ্যের সরকার ও শাসক দলকে। বুধবার সকালে বীরভূমের বোলপুরে চায়ের আসরে একথা বলেন দিলীপ ঘোষ। সঙ্গে রাজ্যে বিরোধীদের অধিকার হনন করা হচ্ছে বলেও সোচ্চার হয়েছেন তিনি।
এদিন রাজ্য সরকারকে আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন, “কিছু একটা হলেই টাকা চাই, টাকা চাই করে ভিখারির মতো। কিন্তু কেন্দ্রের সমস্ত সিদ্ধান্তের বিরোধিতাও করতে হবে ওদের।” রাজ্য সরকারকে বিঁধে তিনি আরও বলেন, ‘কেন্দ্রের ট্রেন, বিমান ঢুকতে দেব না। ওদিকে চাল, ডালটা চাই। ওটা লুঠ করতে সুবিধা হয়।’
দিলীপ ঘোষ আরও বলেন, পুলিশ এখন তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে। তবে নির্বাচন কমিশন আসুক, আমরাও দেখিয়ে দেব তৃণমূল কী করে রাজনীতি করতে পারে। তাঁর এই মন্তব্যেও বিতর্কের ঝড় ওঠে। প্রশ্ন ওঠে তবে কি বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে রাজ্যে শক্তি বাড়াতে চাইছে। রাজ্যের ক্ষমতা কায়েম করার পরিকল্পনা করছে বিজেপি?

























