দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সুশান্তর ছবি নিয়ে বিহারে ইতিমধ্যেই প্রচারে নেমেছে বিজেপি। এদিকে এনসিবি রিয়াকে গ্রেফতারের পর বিজেপি তথা এনডিএ জোট নিজেদের কৃতিত্ব নেওয়া শুরু করেছে। রিয়াকে গ্রেফতার করার পরে বিজেপি মুখপাত্র তথা সুপ্রিমকোর্টের আইনজীবী গৌরব ভাটিয়ার মন্তব্য, ‘‘মুম্বই পুলিশ ৬৫ দিন কোনও পদক্ষেপ করেনি। কেন্দ্রীয় সংস্থা তদন্ত শুরুর ১৯ দিনের মাথাতেই রিয়াকে গ্রেফতার করল।’’
বিজেপি অভিযোগ তুলেছে, এত দিন উদ্ধব সরকার রিয়াকে বাঁচানোর চেষ্টা করে সুশান্তের প্রতি অবিচার করছিল। উদ্ধব ঠাকরে সরকারের মুম্বই পুলিশ বিহারের ভূমিপুত্র সুশান্ত সিংহ রাজপুতকে ‘ন্যায়’ দিতে পারেনি। মোদী সরকারের সংস্থা নারকোটিক্স কন্ট্রোল বুরো (এনসিবি) রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করে সুশান্তকে ‘ন্যায়’ দেওয়ার পথ তৈরি করল। রিয়ার গ্রেফতারির পর বিজেপির বার্তা এটাই।

























