দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হাথরস কাণ্ড নিয়ে বিতর্কের মধ্যেই উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডাতে গণধর্ষণের শিকার ১৩ বছরের এক নাবালিকা। ঘটনায় জড়িত তিন অভিযুক্ত যুবককেও গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, গণধর্ষণে অভিযুক্ত তিন যুবক ওই নাবালিকার পরিচিত। দাদরি এলাকাতে নির্যাতিতার বাড়ির কাছেই থাকত তারা।
নির্যাতিতার পরিবার জানিয়েছে, অভিযুক্তরা বাড়ির আশপাশেই থাকে। মঙ্গলবার ১২ বছরের ছেলেকে দিয়ে নির্যাতিতাকে বাড়িতে ডেকে নিয়ে যায়। তার পর সেখানেই গণধর্ষণ করে। মেয়েটির শারীরিক পরীক্ষা হয়েছে। তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, ধর্ষণের ঘটনা ঘটেছে মঙ্গলবারে। বৃহস্পতিবার রাতে পুলিশে অভিযোগ জানান নির্যাতিতার মা।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ডি ধারা ও পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। ফাস্ট ট্রাক আদালতে যাতে দ্রুত বিচার শেষ করা যায়, সে চেষ্টাও করা হবে বলে জানিয়েছেন গৌতম বুদ্ধনগরের ডেপুটি পুলিশ কমিশনার বৃন্দা শুক্ল।

























