Thursday, February 12, 2026
Latest Newsদেশফিচার নিউজ

‛জাল’ ভেন্টিলেটরে বিপুল বিনিয়োগ বিজেপি শাসিত গুজরাতে

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আহমেদাবাদ সরকারি হাসপাতালে ‛জাল ভেন্টিলেটর’ ব্যবহার করায় ৩০০ জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। এইরকম জাল ভেন্টিলেটর গুজরাতের ৯০০ হাসপাতালে দেওয়া হয়েছে এবং শুধু আহমেদাবাদ সিভিল হাসপাতালেই ২৩০টি ‛জাল’ ভেন্টিলেটর দেওয়া হয়েছে। চিকিৎসকরা বলেছেন, এটা কোনো ভেন্টিলেটরই নয়, নিছক অক্সিজেন দেওয়ার মেশিন বলা যেতে পারে। আহমেদাবাদ সহ গুজরাতে করোনায় এত বিরাট মৃত্যুর কারণ হিসেবেও এই জাল ভেন্টিলেটরকেই দায়ী করা হচ্ছে।

তারপরেও কেন্দ্রর মোদী সরকার রাজকোটের সেই সংস্থাকেই পাঁচ হাজার ভেন্টিলেটরের বরাত দেয় বলে খবর প্রকাশ হয়েছে গুজরাতের সংবাদ মাধ্যমে। ‛জ্যোতি সিএনসি অটোমেশন লিমিটেড’ নামে এই সংস্থার কর্তাব্যক্তিদের সঙ্গে বিজেপি শীর্ষ নেতাদের গভীর সংযোগ তো বটেই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দশলাখি স্যুট উপহার দেওয়া রমেশকুমার ভিকাভাই ভিরানি এই সংস্থার অন্যতম অংশীদার। ২০১৫ সালে তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা ভারতে এলে ওই দশলাখি স্যুট পরেই তাঁকে অভ্যর্থনা জানিয়েছিলেন মোদী। জনগণের জীবন বাজি রেখে সেই উপহারেরই প্রতিদান প্রধানমন্ত্রীর। এই কাজে ‛পিএম কেয়ার্স’ তহবিল থেকে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকেই বাইরে আসেননি গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। আচমকাই তিনি ৪ এপ্রিল আহমেদাবাদ সিভিল হাসপাতালে এসে ‛গুজরাতে তৈরি’ ভেন্টিলেটর উদ্বোধন করেন। দিন পনেরো বাদে স্পষ্ট হয়ে গেছে, সেই ভেন্টিলেটরগুলি জাল‌। রাজকোটে রূপানির বন্ধুর সংস্থা থেকে এই ভেন্টিলেটরগুলি কেনা হয়েছিল বলে অভিযোগ।

প্রধানমন্ত্রীর ‛মেক ইন ইন্ডিয়া’ প্রচার যা অশ্বডিম্ব প্রসব করেছে, ‛গুজরাতে তৈরি’ ভেন্টিলেটর নিয়ে সেই ‛মেক ইন ইন্ডিয়া’র সাফল্যের প্রচার চালানো হয়। গোটা দুনিয়ায় হু হু করে বেড়ে চলা করোনা সংক্রমণের সময়ে ভেন্টিলেটরের যে হাহাকার, তারমধ্যে মোদী-শাহের গুজরাত সস্তার ভেন্টিলেটর বানিয়ে ফেলেছে এই প্রচারে একেবারে দুনিয়াকে চমকে দেওয়ার পরিকল্পনা ছিল। যা শেষ পর্যন্ত বিরাট দুর্নীতিকেই সামনে নিয়ে এসেছে।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!