নিজস্ব সংবাদদাতা, মালদা: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের জন্য রান্না করা খিচুড়িতে পোকা পাওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদহের হরিশ্চন্দ্রপুরের আমডোলহাট এলাকায়। খাবারে পোকা থাকার প্রতিবাদ করায় অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার এবং তাঁদের গায়ে গরম খিচুড়ি ছুড়ে দেওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে।
স্থানীয় অভিভাবকদের অভিযোগ, সোমবার ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের মধ্যে বিতরণের জন্য তৈরি খিচুড়িতে পোকা দেখতে পান তাঁরা। বিষয়টি নজরে আসতেই কয়েকজন অভিভাবক আপত্তি জানান এবং শিশুদের ওই খাবার না দেওয়ার দাবি তোলেন। সেই সময় ঘটনার ছবি ও ভিডিও করতে গেলে তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং গালিগালাজ করা হয় বলেও অভিযোগ। এমনকী, অভিভাবকদের গায়ে গরম খিচুড়ি ছুড়ে দেওয়ার অভিযোগও সামনে এসেছে।
ঘটনাকে ঘিরে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি জানাজানি হতেই প্রশাসনের তরফে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। চাঁচলের মহকুমাশাসক বিডিওকে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।
অভিভাবক ফুলেরা বিবির অভিযোগ, খিচুড়িতে পোকা দেখতে পেয়ে তাঁরা প্রতিবাদ করেছিলেন। কিন্তু প্রতিবাদ করতেই তাঁর ও তাঁর মেয়ের গায়ে খিচুড়ি ফেলে দেওয়া হয়। অন্যদিকে, অভিভাবক জুবায়ের হোসেনের দাবি, তিনি খিচুড়িতে পোকা থাকার ছবি তুলছিলেন। সেই সময় গরম খিচুড়ি ছুড়ে মারা হয়। তিনি সরে যাওয়ায় সেই খিচুড়ি এক শিশুর গায়ে গিয়ে পড়ে।
তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কর্মী ফরিদা খাতুন। তাঁর দাবি, খিচুড়িতে কোনও পোকা ছিল না। বালতি নিয়ে টানাহেঁচড়ার সময় অসাবধানতাবশত খিচুড়ি পড়ে যায়। ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে প্রশাসনিক তদন্তের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। শিশুদের খাবারের গুণমান ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন অভিভাবকরা।