দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ‛মাই লর্ড’ বা ‘লর্ডশিপ’ নয়। এর বদলে ‘স্যার’ বলে সম্বোধন করুন। রাজ্যের সব আদালতের বিচারক, রেজিস্ট্রি বিভাগের কর্মকর্তা ও অন্য প্রশাসনিক কর্তাদের প্রতি ইমেইলে এমনই আর্জি জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণণ।
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পক্ষে আদালতের রেজিস্ট্রার জেনারেল রাই চট্টোপাধ্যায়ের পাঠানো ইমেইলে বলা হয়েছে, প্রধান বিচারপতির ইচ্ছা অনুযায়ী এখন থেকে সব ধরনের বিচার প্রক্রিয়া ও প্রশাসনিক কাজে তাকে সম্বোধনের ক্ষেত্রে ‘মাই লর্ড’ বা ‘লর্ডশিপ’ শব্দ দুটির বদলে ‘স্যার’ ব্যবহার করা হোক।
বিচারপতিদের সম্বোধনের ক্ষেত্রে মাই লর্ড বা লর্ডশিপ শব্দ দুটি বাধ্যতামূলক নয় বলে আগেই মতপ্রকাশ করেছিল সুপ্রিমকোর্ট। ২০১৪ সালে সুপ্রিমকোর্ট জানিয়েছিল, বিচারপতিদের ‘মাই লর্ড’ বা ‘লর্ডশিপ’ শব্দের মাধ্যমে সম্বোধন জরুরি নয়।
এছাড়া বিচারপতিকে ‘মাই লর্ড’ বলে সম্বোধন ঔপনিবেশিকতার চিহ্ন বলে ‘বার কাউন্সিল অব ইন্ডিয়া’ ২০১৪ সালে বাতিলের প্রস্তাব করেছিল। দেশে প্রথম রাজস্থান হাইকোর্টের বিচারপতিরা ‘মাই লর্ড’ বা ‘লর্ডশিপ’ শব্দ দুটির বদলে ‛স্যার’ ও ‘শ্রীমান জি’ শব্দ দুটি গ্রহণ করেন। এবার কিছুটা হলেও সেই পথে হাঁটলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণণ।
রাজ্যের স্বনামধন্য আইনজীবী ও বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও ‘মাই লর্ড’ বলার ঘোরতর বিরোধী। তিনি বলেন, গোটা পৃথিবী থেকেই দাসত্ব শব্দটি বিলুপ্ত হওয়া উচিত। বাম দলীয় সংসদ সদস্য ও কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ ভট্টাচার্যও এ উদ্যোগকে সমর্থন করেছেন।