দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক:ছাত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে নিজেদের পরবর্তী কর্মসূচি ঠিক করতে জরুরি বৈঠকে বসতে চলেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৫ জুলাই কেন্দ্র সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর আন্দোলন সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। সে সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি প্রত্যাহার এবং ভবিষ্যতে কোনও শাস্তিমূলক পদক্ষেপ না নেওয়ার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছিল বলে দাবি সিজেপির।
তবে ১৮ অগস্ট সুপ্রিম কোর্টে বিষয়টি নিয়ে শুনানির পর পরিস্থিতি নতুন মোড় নেয়। সংগঠনের দাবি, আদালত অনুচ্ছেদ ১৪২-এর বিশেষ ক্ষমতা প্রয়োগ করে সংশ্লিষ্ট এফআইআরগুলি একসঙ্গে বাতিল করার সম্ভাবনা খতিয়ে দেখতে কেন্দ্রের কাছে একটি পূর্ণাঙ্গ তালিকা চেয়েছিল। কিন্তু সেই তালিকা জমা দেওয়া এবং পরবর্তী প্রক্রিয়া নিয়ে এখনও স্পষ্ট কোনও অগ্রগতি হয়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের।
শুনানির পর সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও সংগঠনের আইনি বিষয়ক প্রধান রত্না সিং সাংবাদিকদের সামনে উদ্বেগ প্রকাশ করেন। তাঁদের বক্তব্য, আন্দোলন স্থগিত হওয়ার পর প্রতিশ্রুতি বাস্তবায়নের গতি কমে যাওয়ায় ছাত্রসমাজের মধ্যে হতাশা তৈরি হচ্ছে।
সংগঠনের আরও অভিযোগ, এফআইআর প্রত্যাহারের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থী ও তাঁদের পরিবারের জন্য ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়েও এখনও কার্যকর কোনও পদক্ষেপের খবর পাওয়া যায়নি।
২৪ অগস্ট জরুরি বৈঠক
পরবর্তী পদক্ষেপ নির্ধারণের জন্য ২৪ অগস্ট সিজেপির ন্যাশনাল ওয়ার্কিং কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকেই আন্দোলনের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার যদি আলোচনায় দেওয়া প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নে এগিয়ে না আসে, তাহলে ফের দেশজুড়ে শান্তিপূর্ণ গণআন্দোলনের কর্মসূচি নেওয়া হতে পারে।
সিজেপি নেতৃত্বের বক্তব্য, ছাত্র ও যুবসমাজের দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন থেমে থাকবে না। সংগঠনটি দেশের শিক্ষার্থী, যুবক ও সমর্থকদের পরবর্তী নির্দেশনার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে।